আবার সেনা মোতায়েনের দাবি বিএনপি প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর প্রচারণায় দফায় দফায় হামলা ও বাধাদানের অভিযোগের ব্যবস্থা না নেওয়ায় দলীয় মেয়র প্রার্থী গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন করেন। তিনি নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানান।
জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিএনপির প্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন লিখিত বক্তব্যে অভিযোগ করেন, প্রতিদিন নৌকা প্রতীকের কর্মীরা তাঁর নেতা-কর্মীদের প্রচারণায় দফায় দফায় বাধা দিচ্ছেন। দলের জেলা পর্যায়ের নেতাদেরও লাঞ্ছিত করতে তারা পিছপা হচ্ছেন না। এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করলেও তাঁরা অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না।
এ অবস্থা চলতে থাকলে আওয়ামী লীগদলীয় প্রার্থীর নেতা-কর্মীরা ছাড়া আর কেউ নির্বাচনের মাঠে থাকতে পারবেন না। তাই অবিলম্বে নাটোরে পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রুহুল আমিন তালুকদার, সহসভাপতি রহিম নেওয়াজ, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক প্রমুখ।
তবে আওয়ামী লীগদলীয় প্রার্থী উমা চৌধুরী এই অভিযোগকে নিছক মিথ্যাচার বলে দাবি করেছেন।
রিটার্নিং কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান বলেন, বিএনপির প্রার্থী যে অভিযোগ করেছেন তা রাজনৈতিক। তবে তাঁদের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিপক্ষ প্রার্থীকে ইতিমধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।