আবার সোয়াইন ফ্লু, টিকা আসছে এ মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আবার সোয়াইন ফ্লু দেখা দিয়েছে। গত দুই মাসে সোয়াইন ফ্লু (ইনফ্লুয়েঞ্জা- এইচওয়ানএনওয়ান) সংক্রমণের হার বেড়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) চলতি মাসে প্রতি সপ্তাহে ২৫ জনের বেশি সোয়াইন ফ্লু রোগী শনাক্ত করেছে। এদিকে সরকার এ মাসের মধ্যে সোয়াইন ফ্লুর টিকা আনছে বলে একাধিক সূত্র জানিয়েছে।সোয়াইন ফ্লু সংক্রমণের হার এপ্রিল ও মে মাসে আরও বাড়ার আশঙ্কা করছে আইইডিসিআর। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত হওয়া ব্যক্তির চেয়ে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি।আইইডিসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ১৪২ জন সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তি শনাক্ত করেছে এই প্রতিষ্ঠান। তবে এ বছর কেউ মারা যায়নি। ওই প্রতিষ্ঠান মার্চ মাসে প্রতি সপ্তাহে ১৫ জন সোয়াইন ফ্লুর রোগী শনাক্ত করে। আর এপ্রিল মাসে এ পর্যন্ত প্রতি সপ্তাহে ২৫ জনের বেশি রোগী শনাক্ত করেছে। তবে কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। গত বছরের ১৮ জুন দেশে প্রথম সোয়াইন ফ্লু আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। ওই সময় থেকে চলতি মাস পর্যন্ত সোয়াইন ফ্লু আক্রান্ত মোট ৯৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। গত বছর সোয়াইন ফ্লুতে মারা যায় ছয়জন।আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, এপ্রিল মাসে ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব দেখা দেয়। এ বছর জানুয়ারি মাসেই সোয়াইন ফ্লুর সংক্রমণ শুরু হয়েছে। চলতি মাসে সোয়াইন ফ্লু শনাক্ত হওয়ার হার অনেক বেড়েছে। তিনি বলেন, সংক্রমণের হার আগামী কিছু দিন আরও বাড়তে পারে।মাহমুদুর রহমান আরও বলেন, সংক্রমণ বাড়লেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্কতা বিষয়ে তিনি বলেন, সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধোয়ার অভ্যাস বাড়াতে হবে। জ্বর, সর্দি, কাশি হলে বাড়ি থেকে বের না হওয়াই ভালো। তবে শ্বাসকষ্ট ও তিন দিনের বেশি জ্বর থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত ওষুধ আছে। অন্যান্য দেশে প্রতিষেধক ব্যবহার শুরু হওয়ায় বিদেশ থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কাও কমে গেছে।টিকা আসছে এ মাসেই: স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশে সোয়াইন ফ্লুর টিকা আসছে এ মাসেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া টিকা বিনা মূল্যে মানুষ পাবে। মোট দেড় কোটি টিকা দেশে আসবে। প্রথম দফায় আসছে ২৫ লাখ টিকা। আইইডিসিআরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী মে ও জুন মাসের মধ্যেই এই ২৫ লাখ প্রতিষেধক মানুষকে দেওয়া হবে। এ টিকার কার্যকারিতা হবে নয় মাস থেকে এক বছর। গত মঙ্গলবার ‘ন্যাশনাল প্ল্যান অব অ্যাকশন ফর পেনডেমিক ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন’ শীর্ষক কৌশলপত্র প্রণয়ন করেছে সরকার। ওই কৌশলপত্রে টিকা দেওয়ার ক্ষেত্রে তিন ধরনের ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। টিকা প্রথমে পাবেন স্বাস্থ্যকর্মীরা। অগ্রাধিকারের দ্বিতীয় পর্যায়ে আছে গর্ভবতী নারী। তৃতীয় পর্যায়ে প্রাধান্য দেওয়া হচ্ছে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের।