আবার স্কুল যেতে চায় তাবিহা

ছয় বছর বয়সী ছোট্ট তাবিহা ইসলাম অন্য শিশুদের মতোই চটপটে। চোখেমুখে উচ্ছ্বাস। একগাল হাসি দেখলে বোঝাই যায় না সে কঠিন রোগে আক্রান্ত। এত অল্প বয়সেই তাকে ৩২ বার কেমোথেরাপি নিতে হয়েছে। সে ব্লাড ক্যানসারে আক্রান্ত।
তাবিহা স্কুলে ভর্তি হয়েছিল। অসুস্থ হওয়ার পর সে আর স্কুলে যেতে পারেনি। স্কুলের বিষয়ে জিজ্ঞেস করতেই সে বলল, সে স্কুলে আবার যেতে চায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিচ্ছে সে। প্রতিবার থেরাপি নিতে খরচ হচ্ছে ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা। এভাবে গত দুই বছরে শিশুটির চিকিৎসার জন্য ১৭ লাখ টাকা খরচ হয়ে গেছে। চিকিৎসকেরা বলেছেন, তাবিহার চিকিৎসার দ্বিতীয় পর্ব শুরু হবে কাল বৃহস্পতিবার থেকে।
তাবিহার বাবা নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাসিন্দা নজরুল ইসলাম ঠিকাদারের কাজ করতেন। তবে ডায়াবেটিকে আক্রান্ত হওয়ার পর গত দুই বছর ধরে তিনি নিজেও কোনো কাজ করতে পারেননি। অসহায় এই বাবা দুই বছর ধরে সন্তানকে নিয়ে সেন্ট্রাল রোডের একটি আশ্রয়কেন্দ্রে রয়েছেন। এত দিন ধরে তাবিহার চিকিৎসার ব্যয়ভার বহন করার পর তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। দ্বিতীয় পর্বের চিকিৎসার টাকা এখনো জোগাড় করতে পারেননি তিনি। তাই তিনি হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: নজরুল ইসলাম, যমুনা ব্যাংক লিমিটেড, ব্যাক হিসাব নং- ০০২৬০৩১০০৩৬০৪৭। মোবাইল: ০১৮১৬১৪১৩৫৭।