দীর্ঘ চিকিৎসার পর গত সোমবার বাড়িতে ফেরার পর আবার পড়াশোনা শুরু করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের স্থানীয় সাংসদের গুলিতে আহত শিশু শাহাদাত হোসেন সৌরভ (৯)। নিরাপত্তার জন্য তার বাড়িতে বসানো হয়েছে গ্রাম পুলিশের পাহারা।
এদিকে শাহাদাতকে দেখতে বাড়িতে ভিড় জমাচ্ছে তার সহপাঠী ও প্রতিবেশীরা। গতকাল মঙ্গলবার তাদের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে গ্রাম পুলিশের দুই সদস্যের সঙ্গে গল্প করছে শাহাদাত। কী করছে জানতে চাইলে সে বলে, ‘অনেক দিন পড়তে পারি নাই। তাই একটু একটু করে বই পড়ছি। কয়েক দিন যাক। আবার স্কুলে যাব, খেলাধুলা করব।’ তবে শাহাদাত জানায়, সে এখনো স্বপ্নে দেখে, এমপি মন্জুরুল ইসলাম লিটনের লোকজন তাকে তুলে নিয়ে যাচ্ছেন। তাই সব সময় সে ভয়ে থাকে।
শাহাদাতের বাবা সাজু মিয়া বললেন, ‘এমপি ক্ষমতাবান লোক। তাঁর কথায় হবে না, এমন কাজ নাই। তাই বাড়ি আসার পর থেকে ভয় পাচ্ছি। প্রশাসন আমার বাড়িতে পাহারার ব্যবস্থা করেছে। ভালো লাগছে। তবে ঘর থেকে বাইরে গেলে ভয়ে গা ছমছম করে। হাট-বাজারে চলাফেরা করতেও ভয় লাগে।’
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, নিরাপত্তার জন্য শাহাদাতের বাড়িতে গ্রাম পুলিশ সদস্যদের রাখা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউপি সদস্য সার্বক্ষণিক শাহাদাতের পরিবারের খোঁজখবর রাখছেন, তারা যেন স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারে সেদিকে নজর রাখছেন।
২ অক্টোবর গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মন্জুরুলের গুলিতে আহত হয় শিশু শাহাদাত। ১৪ অক্টোবর রাতে ঢাকার উত্তরা থেকে সাংসদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে কারাগারে আছেন। ২৪ দিন চিকিৎসা নেওয়ার পর সোমবার দুপুরে রংপুরে হাসপাতাল থেকে নিজের বাড়িতে ফিরেছে শাহাদাত।