আবার স্কুলে যেতে চায় ওরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংস ঘটনার এক মাস পার হয়ে গেলেও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটের আদিবাসী শিক্ষার্থীদের পাশে এখনো দাঁড়ায়নি কেউ। বাঘাইহাট সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।২০ মার্চ সরেজমিনে বাঘাইহাটের হাজাছড়া গ্রামে দেখা গেছে, ১০ জন শিশু-কিশোরের একটি দল, যারা কেউ পঞ্চম শ্রেণী, কেউ অষ্টম শ্রেণীতে পড়ে। এর মধ্যে অষ্টম শ্রেণীর তনয় চাকমা বলল, ‘আমার আবার স্কুলে যেতে ইচ্ছে করে। আমরা কি আবার স্কুলে যেতে পারব? স্কুলে গেলে তো বই, জামা-কাপড় লাগবে। সেগুলো কোথায় পাব?’ শুধু হাজাছড়া গ্রামে নয়, গঙ্গারামমুখ গ্রামেও একই অবস্থা। দুপুরের প্রচণ্ড রোদে একদল আদিবাসী শিশু এদিক-সেদিক ঘোরাফেরা করছে। তারা সবাই বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের সবার একই কথা, ‘আমরা আবার স্কুলে যেতে চাই।’এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি আদিবাসীদের বাড়িতে লাগানো আগুনে ঘরের আর সব জিনিসপত্রের মতো শিক্ষার্থীদের বইপত্রও পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার পর পরই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী জঙ্গলে আশ্রয় নেয়। গঙ্গারামমুখের মতো চামিনিছড়া, রেতকাবা সীমানাছড়া ও গুচ্ছগ্রামেও একই চিত্র দেখা গেছে। শিশু-কিশোররা সড়কের পাশে বা রাস্তায় ঘোরাফেরা করছে। অভিভাবক কৃপা রানী চাকমা বলেন, ‘আমার ছেলেমেয়েরা বিদ্যালয়ে যেতে চায়। প্রতিদিন বলে, মা আমি স্কুলে যাব। বিভিন্নভাবে সান্ত্বনা দিয়ে রাখতে হচ্ছে।’বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের বলেন, ‘আমার বিদ্যালয়ে ৪৮০ জন ছাত্রছাত্রীর মধ্যে ৩৪৫ জনই আদিবাসী। আগামী মাসের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হবে। অথচ এক মাস ধরে কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে আসেনি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে জানান, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আদিবাসীরা ঘর বাঁধতে শুরু করেছে। শিগগিরই বিদ্যালয় চালু করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা কর্মকর্তাদের বই সরবরাহের জন্য বলা হয়েছে।