শিরীন শারমিন চৌধুরী দশম সংসদের স্পিকার এবং ফজলে রাব্বী ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ বুধবার সন্ধ্যায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিন করা হয়।
এর আগে সন্ধ্যা ছয়টায় নবম সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে দশম সংসদের প্রথম অধিবেশনের বৈঠক বসে। বৈঠকের শুরুতে দশম জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। বৈঠকে সরকারি ও বিরোধী দলের সাংসদরা উপস্থিত আছেন।
নবম সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে দশম সংসদের স্পিকার হিসেবে নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এই প্রস্তাব সমর্থন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এরপর ডেপুটি স্পিকার পদে ফজলে রাব্বীর নাম প্রস্তাব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এই প্রস্তাব সমর্থন করেন জাতীয় সংসদের চিপ হুইপ আ স ম ফিরোজ।
আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় উপস্থিত সাংসদদের কণ্ঠ ভোটে স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার হিসেবে ফজলে রাব্বী নির্বাচিত হন।
এর পরই দশম সংসদের বৈঠক কিছু সময়ের জন্য বিরতি ঘোষণা করেন নবম সংসদের বিদায়ী ডেপুটি স্পিকার শওকত আলী।
এই বিরতির মধ্যেই স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিরতির পরই নবনির্বাচিত স্পিকারের সভাপতিত্বে পুনরায় অধিবেশন শুরু হবে। নিয়ম অনুসরণ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।