টানা সাত মাস ফাঁকা থাকার পর গুলিস্তান, পল্টন ও মতিঝিলের ফুটপাতে দিনের বেলা আবার হকার বসতে শুরু করেছে। এতে এসব এলাকার চিরচেনা সেই ঘিঞ্জি চিত্র ফিরে আসতে শুরু করেছে। তবে সিটি করপোরেশন বলছে, এই ফাঁকা চিত্র স্থায়ী রূপ দিতে বিভিন্ন বাহিনীর প্রায় ৭০ জন সাবেক সদস্যের নিয়োগের প্রক্রিয়া চলছে। চলতি মাসের শেষ দিকে পৃথক দলে তাঁরা মাঠে নামবেন।
লাগাতার অভিযানের কারণে গত ১৫ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গুলিস্তান, পল্টন ও মতিঝিলের ফুটপাত ফাঁকা ছিল। এতে এসব এলাকায় যানজট কমে যায়। এই কাঙ্ক্ষিত পরিবর্তন টিকে ছিল প্রায় সাত মাস। কিন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে দিনের বেলা আবার হকাররা ফুটপাতে বসতে শুরু করেছে। এতে পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটছে। এসব এলাকার সড়কে যানজট তীব্র হচ্ছে।
ডিএসসিসি নিয়ম করেছিল, হকাররা কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ছয়টার পর পসরা নিয়ে বসবে। ছুটির দিনে বসতে পারবে সারা দিন। সাত মাস ধরে ওই নিয়ম মোটামুটি মেনে আসছিল হকাররা। এতে নগরবাসী স্বচ্ছন্দ চলাচল, নিরুপদ্রব যাতায়াত করতে পারত। এসব এলাকার সড়কেও সহনীয় যানজট ছিল। কিন্তু এক সপ্তাহ ধরে ফুটপাতে চলাচল করতে সমস্যা হচ্ছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দেখা যায়, ফুলবাড়িয়া, গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পল্টন ও বায়তুল মোকাররম এলাকার ফুটপাতে হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসে আছে দুই শতাধিক হকার। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সড়কেও যানজট লেগে আছে। একইভাবে গুলিস্তান শপিং কমপ্লেক্স, জাতীয় গ্রন্থকেন্দ্র, বঙ্গবন্ধু পাতাল মার্কেট, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, ঢাকা ট্রেড সেন্টার (উত্তর-দক্ষিণ), গুলিস্তান ট্রেড সেন্টার ও সুন্দরবন মার্কেটের সামনে ঝুড়িতে জুতা, ফল, জামাকাপড়, শিশুদের খেলনাসহ বিভিন্ন পণ্য নিয়ে বসেছে আরও তিন শতাধিক হকার। দরদাম করে কেনাকাটাও করছে ক্রেতারা।

দুপুর ১২টার দিকে দেখা যায়, বায়তুল মোকাররম উত্তর ফটক ও দক্ষিণ ফটক, জিপিও মোড়, পুরান পল্টন মোড়, দৈনিক বাংলা, মতিঝিল এলাকায় শতাধিক হকার বসতে দেখা গেছে। তাদের অধিকাংশই ভ্যানে ও স্থায়ী মাচার ওপর পসরা সাজিয়েছে।
গুলিস্তানে পথচারী আলমগীর হোসেন বলেন, এসব এলাকায় আগে ১০ থেকে ১২ হাজার হকার বসত বলে জানিয়েছে ডিএসসিসি। সেই তুলনায় এখন ফুটপাত ফাঁকাই বলা যায়। তবে এক সপ্তাহ ধরে অল্প অল্প করেই দিনের বেলা ফুটপাতে আবার হকারের সংখ্যা বাড়ছে। তাই তাদের নিয়ম অনুযায়ী চলতে ডিএসসিসিকে আইন প্রয়োগ করা দরকার।
মতিঝিলে পথচারী মাসুম হোসেন বলেন, টানা উচ্ছেদে গুলিস্তান ও আশপাশের ফুটপাত ফাঁকা। শুরুর দিকে তো এই এলাকাগুলো অচেনা মনে হতো। ডিএসসিসিকে এই অবস্থা ধরে রাখতে হবে। প্রয়োজনে প্রতিদিনই অভিযান চালাতে হবে।
ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বলেন, গুলিস্তান, পল্টন ও মতিঝিলের ফুটপাত ফাঁকা রাখতে প্রায় প্রতিদিনই ডিএসসিসির পক্ষ থেকে অভিযান চালানো হয়। তবে এর ফাঁকে ফাঁকে কিছু হকার দিনের বেলা পণ্যের পসরা নিয়ে বসে। তাদের অনেককে আটক করে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি বলেন, ওই ফাঁকা চিত্র ধরে রাখতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সাবেক প্রায় ৭০ জন সদস্যকে নিয়োগ দেওয়ার কাজ চলছে। তাঁদের নিয়োগ সম্পন্ন হলে চলতি মাসের শেষ দিকে তাঁরা কাজ শুরু করবেন। কোনো ক্রমেই দিনের বেলা ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না। তবে তাদের পুনর্বাসনে কাজ করছে ডিএসসিসি।