হরতাল না দিতে খালেদাকে প্রধানমন্ত্রীর অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি

আগামী সোমবার থেকে হরতাল না দিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘শুনেছি আগামী ৪ নভেম্বর থেকে বিরোধীদলীয় নেত্রী হরতাল দেবেন। ওই দিন জেএসসি পরীক্ষা শুরু হবে। তাঁকে অনুরোধ করব, ওই দিন যেন তিনি হরতাল না দেন।’

বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শেষে আজ বিকেলে গাজীপুরের বদরে আলম সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘ওই দিন ছোট্ট শিশুরা পরীক্ষা দেবে। তারা একদিন আমাদের মতো মন্ত্রী-এমপি-প্রধানমন্ত্রী হবে। উনি তো কোনো কথাই রাখেন না। জানি না আমার এই কথা রাখবেন কি না।’ 

প্রধানমন্ত্রী বলেন ‘হরতাল দিয়ে এ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে। বাংলাদেশ পিছিয়ে পড়ছে। মানুষ ভালো থাক এটা ওনার জন্য পছন্দ হচ্ছে না। উনি ভাবেন, নিজে যখন পাস করিনি, তা হলে ছেলেমেয়েরা পাস করবে কেন? আমি ছেলে-মেয়েদের বলব, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।’

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে উল্লেখ করে হাসিনা বলেন, ‘জনগণ ভোটের মালিক। জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় আসবে। আমাদের সময়ে একটা নির্বাচনেও যখন কারচুপি হয়নি, সুতরাং এই নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। উনি তত্ত্বাবধায়ক সরকার চান। হাইকোর্ট সেটা অবৈধ ঘোষণা করেছে। সংসদ সদস্যরা সেটা মেনে নিয়েছেন। উনি ভোট চুরি করতে পারবেন না, তালগোল পাকানোর চেষ্টা করছেন।’

খালেদা জিয়ার সঙ্গে ফোনালাপের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উনাকে একটার সময় আমি ফোন করেছি। পরবর্তীতে আমার এডিসি যখন শিমুল বিশ্বাসের সঙ্গে (খালেদা জিয়ার বিশেষ সহকারী) কথা বললেন, উনি জানালেন রাত নয়টার আগে তিনি কথা বলতে পারবেন না।’ যাঁর প্রস্তুতি নিতে ৮-৯ ঘণ্টা সময় লাগে, তিনি কীভাবে দেশ চালাবেন, সেই প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী।