আবার হলিডে মার্কেট বসছে
হকারদের দখলে থাকা ঢাকা শহরের ফুটপাতগুলো দেখে মনে হয় মার্কেট। সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল সরিয়ে নিতে দুই মেয়র একাধিকবার নির্দেশ দিলেও বিশেষ কোনো কাজ হয়নি। ফুটপাত হকারমুক্ত করতে ব্যর্থ হয়ে উভয় সিটি করপোরেশন আবার সাপ্তাহিক ছুটির দিনে ও নির্ধারিত স্থানে হলিডে মার্কেট চালুর উদ্যোগ নিয়েছে।
ঢাকায় ফুটপাতের কোথাও দোকানের পণ্য ও নানা উপকরণ রাখা, কোথাও রেস্তোরাঁর চুলা জ্বলছে। মোটরসাইকেল সারাই, যানবাহন মেরামতের কাজ চলছে ফুটপাত ও সড়কের ওপরে। এসবের মধ্য দিয়ে নাক চেপে, মুখ ঢেকে চলাচল করছেন সাধারণ পথচারীরা। কেউ কেউ না পেরে ফুটপাত ছেড়ে সড়ক দিয়েই যাতায়াত করছেন। দুই সিটি করপোরেশনের প্রায় সব এলাকার চিত্র কমবেশি এ রকম।
সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল সরিয়ে নিতে একাধিকবার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। গত ৩ মার্চ বিপণিবিতান ও দোকান মালিক সমিতির সঙ্গে এক আলোচনা সভায় অবৈধ দখল সরিয়ে নিতে সাত দিনের সময় বেঁধে দিয়েছিলেন। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছিলেন। মেয়রের ওই ঘোষণার পর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পাঁচটি অঞ্চলে এলাকাভিত্তিক বেশ কিছু উচ্ছেদ অভিযান চালায়। কিন্তু অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি।
মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, পান্থপথ, ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতের বড় অংশই চলে গেছে হকারদের দখলে। খাবার হোটেল ও রেস্তোরাঁর সামনের ফুটপাতের ওপর চুলা জ্বলছে। সড়কের পাশের মুদি দোকানগুলো ফুটপাত দখল করে ফ্রিজ, মালপত্র রাখছে। আছে লোহালক্কড়, আসবাবের দোকানের বিভিন্ন সামগ্রী। নেই শুধু পথচারীদের হাঁটার জায়গা।
নগরীতে সেবাদানকারী বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় সভায় রাজধানীর ১০টি জায়গার ফুটপাত হকার ও অবৈধ দখল জরুরি ভিত্তিতে নিরসন করার প্রয়োজনীয়তা ওঠে আসে। গত ২৪ আগস্ট এই আন্তবিভাগীয় সমন্বয় সভার আয়োজন করেছিল ডিএনসিসি। ওই সভায় যে ১০টি জায়গা দখলমুক্ত করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়, সেগুলোর অধিকাংশই দখলমুক্ত হয়নি।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, একই জায়গায় বারবার উচ্ছেদ চালানো হচ্ছে। দখলকারী ব্যক্তিরা আবার ফিরে আসে। স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একত্রে কাজ করা হচ্ছে।
রাজধানীর গুলিস্তান ও আশপাশের এলাকা একটি ব্যস্ততম বাণিজ্যিক এলাকা। প্রায় সারা বছরই এ এলাকার ফুটপাত হকারদের দখলে থাকে। গুলিস্তানের ফুটপাত দখলমুক্ত করতে একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। কিন্তু কয়েক দিন না যেতেই উচ্ছেদের জায়গাগুলো আবার দখল হয়ে যায়।
ওই এলাকা থেকে হকারদের উচ্ছেদে ব্যর্থ হয়ে সড়কের ওপর ‘উড়াল ফুটপাত’ নির্মাণের উদ্যোগ নিয়েছে ডিএসসিসি৷ ব্যয়বহুল এই প্রকল্প না করে গুলিস্তান ও আশপাশের এলাকার বিদ্যমান ফুটপাত দখলমুক্ত, প্রশস্ত ও পথচারীবান্ধব করা জরুরি বলে মনে করেন নগর-বিশেষজ্ঞরা।
এই পরিপ্রেক্ষিতে হকার উচ্ছেদে ব্যর্থ হয়ে ঢাকার দুই সিটি করপোরেশন আবারও হলিডে মার্কেট চালুর উদ্যোগ নিয়েছে। এ জন্য ডিএসসিসি প্রাথমিকভাবে ১৬টি স্থানও নির্ধারণ করেছে। তবে প্রাথমিকভাবে ৫টি মার্কেট চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে। হলিডে মার্কেটের জন্য উত্তর সিটি করপোরেশনও জায়গা খুঁজছে। প্রাথমিকভাবে মিরপুর ১০ নম্বরে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয়ের সামনের খালি জায়গায় হালিডে মার্কেট করার পরিকল্পনা রয়েছে।
হকার পুনর্বাসনের অংশ হিসেবে ২০০৭ সালে একবার হলিডে মার্কেট চালু করে ঢাকা সিটি করপোরেশন। তখন সরকারি ছুটির দিনগুলোতে রাজধানীর বেশ কিছু এলাকায় হকারদের ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছিল। এর অধিকাংশই এখন বন্ধ হয়ে গেছে। নতুন করে এসব হলিডে মার্কেট চালু হলে সাপ্তাহিক ছুটির দিনে নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে ক্রেতা-বিক্রেতারা অস্থায়ীভাবে ক্রয়-বিক্রয় করতে পারবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, সম্পত্তি বিভাগের পক্ষ থেকে জরিপ করে ১৬টি স্থান নির্ধারণ করা হয়েছে। যা যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে। এসব স্থান থেকেই উপযুক্ত বিবেচনায় প্রাথমিকভাবে কয়েকটি স্থানকে হলিডে মার্কেট হিসেবে নির্বাচিত করা হবে।