আবার ৭২ ঘণ্টার অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেট্রলবোমা ছুড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে বাস পোড়ানো ও হতাহতের ঘটনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও জামায়াতে ইসলামীর ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়, বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতাদের ‘প্রত্যক্ষ ও পরোক্ষ উসকানি, পরিকল্পনা, ষড়যন্ত্র, সহায়তা ও অর্থায়নে দুর্বৃত্তরা’ এ ঘটনা ঘটিয়েছে।

মামলার আট ঘণ্টার মাথায় গতকাল রাত ১০টায় সংবাদ সম্মেলন করে আবার ৭২ ঘণ্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ১৮-দলীয় জোট। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ শনিবার ভোর ছয়টা থেকে মঙ্গলবার ভোর ছয়টা এই কর্মসূচি চলবে।

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার, ‘একতরফা’ নির্বাচনের তফসিল স্থগিত ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।

এর আগে একই দাবিতে গত মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর পাঁচটা পর্যন্ত ৭১ ঘণ্টা কর্মসূচি পালন করে বিরোধীদলীয় এই জোট। এরপর গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে আজ শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তা রাতে বাতিল করে অবরোধের কর্মসূচি দেওয়া হয়।

এদিকে গতকাল সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এক বিবৃতিতে দাবি করেন, ‘একতরফা’ নির্বাচনের তফসিল ঘোষণার বিরুদ্ধে জনগণ শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদ শুরু করছে। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবহার করে এবং গোয়েন্দা ও দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের মাঠে নামিয়ে পরিস্থিতিকে সংঘাতপূর্ণ করে তুলেছে।

বৃহস্পতিবার শাহবাগে গাড়ি পোড়ানো ও হতাহতের ঘটনায় বিএনপিসহ জোটের নেতাদের বিরুদ্ধে মামলা এবং এর আগে মওদুদ আহমদসহ কেন্দ্রীয় পাঁচ নেতাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে খালেদা জিয়া এই বিবৃতি দেন। তিনি বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে করা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও আটক নেতাদের মুক্তির দাবি করেন।

মামলার আসামিরা: বৃহস্পতিবার শাহবাগে গাড়ি পোড়ানোর ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার এজাহারে আসামি হিসেবে ১৬ জনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ, বরকত উল্লা ও সালাহউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল কাদের ভুঁইয়া, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান ও জামায়াতের ঢাকা মহানগর শাখার সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম। এ ছাড়া মামলায় তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এসব নেতার বিরুদ্ধে অবরোধের সমর্থনে মানুষকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে বাসে পেট্রলবোমার বিস্ফোরণ ঘটিয়ে পরিকল্পিতভাবে মানুষ হত্যা, আগুন দিয়ে জানমালের ক্ষতি এবং জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ আনা হয়। এতে বলা হয়, ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে ছাত্রদলের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেছিলেন, দু-একটা বাস-গাড়ি ভাঙলে বিক্ষোভ হবে না। ছাত্রদলের হাজার-হাজার নেতা-কর্মীকে রাস্তায় নেমে আসতে হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি আরও বেশি করে গাড়ি পোড়ানো ও ভাঙচুর করতে দলের কর্মীদের উসকানি দিয়েছেন।

খালেদা জিয়ার বিবৃতি: গত রাতে দেওয়া বিবৃতিতে খালেদা জিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি যানবাহন ভাঙচুরের বিরুদ্ধে সতর্ক করে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। অথচ সেই বক্তব্য বিকৃত করে তাঁর (ফখরুল) বিরুদ্ধে উসকানির মামলা দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, তাঁর দলের নেতারা প্রকাশ্য জীবন যাপন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অবরুদ্ধ কার্যালয়ে আটকা থেকে দলের বক্তব্য নিয়মিত প্রচার করছেন। সেই সুযোগটুকু বন্ধ করে দিতে তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

খালেদা জিয়া দাবি করেন, গুলশান থানায় বোমা, চট্টগ্রামে বোমাবাজি, ঢাকার আজিমপুরে গাড়ি পোড়ানোর মতো ঘটনায় শাসক দল ও এর সহযোগী সংগঠনের লোকজনকে পুলিশ ধরার পরও ছেড়ে দিয়েছে। বিরোধীদলীয় নেতার বাসায় বোমা হামলার প্রকাশ্য হুমকি দেওয়া সত্ত্বেও ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে উসকানির দায়ে কোনো মামলা হয়নি। প্রধানমন্ত্রী নিজে বিরোধী দলের লোকদের মালিকানাধীন যানবাহনে হামলা ও অগ্নিসংযোগের প্রকাশ্য উসকানি দিয়েছেন।

বিরোধীদলীয় নেতা সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তফসিল স্থগিত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, স্বৈরশাসকের পথ বেছে নেবেন না। তাহলে পরিণতি স্বৈরশাসকদের মতোই হবে। সংলাপের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন। শান্তি, স্থিতি, নিরাপত্তা ও গণতন্ত্র অব্যাহত রাখুন।