আবারও অগ্নিকাণ্ড, ৩১ পরিবারের ৯০ ঘর ছাই
নীলফামারী সদর উপজেলায় আবারও রহস্যজনক অগ্নিকাণ্ডে ৩১টি পরিবারের ৯০টি টিনের ও খড়ের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে মারা গেছে একটি গরুসহ শতাধিক হাঁস-মুরগি। গত মঙ্গলবার রাতে গোড়গ্রাম ইউনিয়নের হাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ওই দিন রাত নয়টার দিকে ওই গ্রামের সুরত আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩১টি পরিবারের ৯০টি টিনের ও খড়ের ঘর এবং ঘরে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। মারা যায় একটি গরুসহ শতাধিক হাঁস-মুরগি।
ক্ষতিগ্রস্ত আবদুর রহিম বলেন, রাত সাড়ে নয়টার দিকে এক পথচারী সুরত আলীর রান্নাঘরের বেড়ায় আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। পরে সবাই ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। ঘনবসতি হওয়ায় ঘরের কিছুই রক্ষা করার সময় পাননি কেউ।
আবদুর রহিম বলেন, ‘রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হলেও এটি চুলার আগুন নয়, এটা আমরা নিশ্চিত। কারণ, সুরত আলীর স্ত্রী অসুস্থ, সে রান্নাই করেনি।’
সুরত আলীর স্ত্রী ফরিদা বেগম বলেন, ‘আমার স্বামী দিনমজুরের কাজে পাঁচ-ছয় দিন আগে ফেনীর ছাগলনাইয়ায় যায়। তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে আমি একাই ছিলাম। আমি নিজেও অসুস্থ থাকায় চার-পাঁচ দিন রান্নঘরের চুলা জ্বালাই নাই। পাশে আমার বাবার বাড়ি থেকে ও মেয়ের বাড়ি থেকে খাবার দিয়ে যায়।’
নীলফামারী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন ব্যবস্থাপক এনামুল হক প্রামাণিক জানান, সুরত আলীর রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এদিকে ওই দিন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীদ মাহমুদ বলেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক হাজার টাকা, একটি শাড়ি, একটি লুঙ্গি এবং একটি করে কম্বল দেওয়া হয়েছে।
এ ছাড়া মন্ত্রীর পক্ষ থেকে ইটাখোলা ইউনিয়নের কালারডাঙ্গা গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই হাজার টাকা, একটি শাড়ি, একটি লুঙ্গি ও একটি কম্বল মঙ্গলবার সন্ধ্যায় বিতরণ করা হয়। ইউএনও সাবেত আলী জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে সরকারিভাবে এক হাজার টাকা, ৩০ কেজি চাল, পাঁচ কেজি চিড়া এবং এক কেজি করে গুর প্রদান করা হয়েছে।
এর আগে রোববার বেলা ১১টার দিকে লক্ষ্মীচাপ ইউনিয়নের নৃসিংহ গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে তৈলক্ষ্য রায় ও সুবাস রায়ের সাতটি ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এক দিন পর সোমবার রাতে ইটাখোলা ইউনিয়নের কালারডাঙ্গা গ্রামে চোরের দেওয়া আগুনে ২৩টি পরিবারের ৬০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। নৃসিংহ গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনায় তৈলক্ষ্য রায় বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পুলিশ ওই মামলার আসামি সাহেরা বেগমকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে।