আবারও অবরুদ্ধ মনিরামপুর
যশোরের মনিরামপুর উপজেলার গরীবপুর গ্রামে গত শনিবারও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নয়টি বাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। ওই গ্রামেই ২৬ ডিসেম্বর দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের নেতা শফি কামালকে। গরীবপুর খেদাপাড়া ইউনিয়নে।
মনিরামপুরের ভোজগাতি ইউনিয়নের জামজামি পাড়া গ্রামে বাড়ি জামায়াত-শিবিরের হামলার শিকার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাকের। ওই গ্রামে আরও কয়েকজন হামলার শিকার হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে ও ভাঙচুর হওয়া বাড়িগুলো দেখার জন্য দুজনে যশোর শহর থেকে গতকাল সোমবার সকাল ১০টায় মোটরসাইকেলে করে রওনা হলাম ওই দুই গ্রামের উদ্দেশে।
কিন্তু শহর থেকে ১৩ কিলোমিটার দূরে বেগারীতলায় পৌঁছাতেই নিজেদের ছাত্রশিবিরের কর্মী পরিচয় দেওয়া কয়েকজন যুবক আটকে দিলেন মোটরসাইকেল। সামনে আটকে আছে একটি ট্রাক, কয়েকটি মোটরসাইকেল ও রিকশাভ্যান। সাংবাদিক পরিচয় দিয়েও ওই অবরোধ পার হওয়া গেল না। ফিরতি পথে এক কিলোমিটার আসতে সেনাবাহিনীর টহল দলের চারটি গাড়ি পার হলো। এ সময় পেছন থেকে আসা মোটরসাইকেলের এক চালক জানালেন, বেগারীতলা থেকে অবরোধকারীরা সরে গেছে। কিন্তু আবার সেখানে গিয়ে অবরোধকারীদের ধাওয়া খেতে হলো। কিছুদূর এসে মুঠোফোনে যোগাযোগ করা হলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রেজাউল হোসেন বলেন, আবারও মনিরামপুরকে অবরুদ্ধ করার চেষ্টা শুরু হয়েছে। কোথাও কোথাও গাছ কেটেও সড়ক অবরোধ করা হচ্ছে। পুলিশ গেলে অবরোধকারীরা পালাচ্ছে, পুলিশ ফিরে এলে আবারও এক অবস্থা।
ফেরার পথে দেখা হয় নিহত শফি কামালের ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মামুনুর রশীদের সঙ্গে। বাবার মৃত্যুসংবাদ পেয়ে বাড়ি আসা মামুন বলেন, কাল (আজ মঙ্গলবার) তাঁর পরীক্ষা। কিন্তু ঢাকায় যাওয়ার উপায় খুঁজে পাচ্ছেন না।
গত শনি ও রোববার পরিস্থিতি এমন ছিল না। মনিরামপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাকের সঙ্গে রোববার শহরে দেখা হয়েছিল। তিনি ভোজগাতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। রোববার চিকিৎসকের কাছে আসা রাজ্জাক জানিয়েছিলেন, বেগারীতলা তাঁর ইউনিয়নেরই একটি গ্রাম। বেগারীতলার বাঁশপট্টিতে গত ১৫ মার্চ জামায়াত-শিবিরের কর্মীরা হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেন। এখনো ক্রাচে ভর দিয়ে চলাফেরা করেন। তিনি বলেন, বেগারীতলায় মুক্তিযুদ্ধবিরোধীদের অবস্থান সব সময়ই শক্তিশালী। একাত্তরে সংলগ্ন হুরগাতি গ্রামে ছিলেন ৩৯ জন রাজাকার। সম্প্রতি ওই এলাকার চালকিডাঙ্গা, টুনিয়াগড়া ও কাশিমনগরকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী শক্ত ঘাঁটি গড়েছে।
উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম বলেন, উপজেলার পেয়ারাতলায়ও রয়েছে জামায়াত-শিবিরের শক্ত ঘাঁটি। ১ ডিসেম্বর দলীয় সমাবেশে যোগ দিতে মোটরসাইকেলে করে মনিরামপুর সদরে যাওয়ার পথে পেয়ারাতলায় মুখে কাপড় বাঁধা ছয়-সাতজন লোক তাঁকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে। একপর্যায়ে তিনি দৌড়ে পাশের একটি ইটভাটায় লুকিয়ে রক্ষা পান। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। ২২ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
গতকাল পেয়ারাতলা থেকে পুলিশ অবরোধকারী শিবিরের সাত কর্মীকে আটক করে।
মনিরামপুর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার দে বলেন, ১৩ ডিসেম্বর চালকিডাঙ্গায় তাঁকে কোপায় ও রড দিয়ে পিটিয়ে দুই হাত ও এক পা ভেঙে দেন বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা। এখনো আতঙ্কিত উত্তম বলেন, ১৬ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও পুরো সুস্থ হননি।
বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, ২৩ ডিসেম্বর পেট্রলবোমা হামলায় গুরুতর আহত চালুয়াহাটি আওয়ামী লীগের সহসভাপতি মেহের আলী রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী হামলার শিকার হয়েছেন।
যশোর ও মনিরামপুরের স্থানীয় সংবাদপত্রগুলোর খবর থেকে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হওয়ার পর থেকে এ পর্যন্ত মনিরামপুরে পুলিশের এক সদস্য, আওয়ামী লীগের দুজন, বিএনপির দুজন ও দুজন চরমপন্থী নিহত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের দাবি, জায়ায়াত-শিবিরের হামলায় এ পর্যন্ত তাঁদের দুই শতাধিক কর্মী আহত হয়েছেন এবং দেড় শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মনিরামপুর উপজেলা জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে যশোর জেলা জামায়াতের নায়েবে আমির নূর-ই-আল মামুন বলেন, ‘আমরা যশোর জেলার সর্বত্র শান্তিপূর্ণভাবে ১৮ দলের ঘোষিত আন্দোলন কর্মসূচি পালন করছি। মনিরামপুরেও জামায়াত এর ব্যতিক্রম করেনি। কিন্তু সেখানে আওয়ামী লীগের বিবদমান পক্ষগুলো নিজেরা নাশকতা করে জামায়াতের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’