আবারও অবস্থান ধর্মঘট, কর্মবিরতিতে শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক বেতনকাঠামোসহ চার দফা দাবিতে আবারও একযোগে আন্দোলন শুরু করেছেন সব সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। আন্দোলনের অংশ হিসেবে গতকাল রোববার তাঁরা কর্মবিরতি, অবস্থান ধর্মঘট ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেন।
১১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির নেতাদের ফোরাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন করে এ কর্মসূচি শুরু হলো। এর আগে গত ৮ জুন বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে কর্মবিরতি পালন করেছিলেন তাঁরা।
ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ১১ আগস্টের সভায় ১৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত প্রতি রোববার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালনের পালনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া ২০ আগস্ট পর্যন্ত দাবির পক্ষে শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা দেওয়া হয়।
শিক্ষকদের দাবি: স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তন, এ লক্ষ্যে অবিলম্বে বেতন কমিশন গঠন, আলাদা কাঠামো হওয়ার আগপর্যন্ত অষ্টম বেতনকাঠামোতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে শিক্ষকদের বেতন ও পদমর্যাদার বৈষম্য দূরীকরণ এবং রাষ্ট্রীয় ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে পদমর্যাদাগত অবস্থান ও সুবিধা নিশ্চিতকরণ।
কর্মসূচি পালন: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয় ক্লাবে অবস্থান ধর্মঘট ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করে। প্রথম দিনে সাত শর বেশি শিক্ষক সই করেন। অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ কর্মসূচিতে জানান, ৩৮টি বিশ্ববিদ্যালয়ে যুগপৎ এই কর্মসূচি চলছে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের সঞ্চালনায় কর্মসূচিতে শিক্ষক নাজমা শাহীন, মেসবাহ কামাল, আনোয়ার হোসেন, আখতার হোসেন খান, নিজামুল হক ভূঁইয়া, এ কে এম গোলাম রব্বানী, এ জেড এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। সংহতি প্রকাশ করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের পাশে অবস্থান ধর্মঘট করেন শিক্ষকেরা। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা। এর আগে অরুণ কুমার বসাক স্বাক্ষর সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের সমিতির কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেন। শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল মনছুরের সভাপতিত্বে কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, মো. আবুল মনসুর চৌধুরী প্রমুখ বক্তব্য দেন কর্মসূচিতে। এ ছাড়া স্বাক্ষর কর্মসূচিতে প্রায় ১০০ জন শিক্ষক সই করেন।
গাজীপুরে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকদের ধর্মঘট শুরু হয় মো. আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে। কর্মসূচিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, পরিচালক (ছাত্রকল্যাণ) গণেশ চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য দেন। বক্তারা তাঁদের কর্মসূচির ব্যাপারে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি কামনা করেন।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কলা অনুষদের নিচতলার করিডরে কর্মসূচি পালন করেন। কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য আবদুল হাকিম সরকার। স্বাক্ষর সংগ্রহ অভিযানে অংশ নেন ১১৭ জন শিক্ষক।
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রশাসন ভবনের সামনে কৃষি অনুষদের করিডরে অবস্থান ধর্মঘট পালন করেন। এতে নেতৃত্ব দেন শিক্ষক সমিতির সভাপতি খন্দকার শরীফুল ইসলাম। কর্মসূচিতে দেড় শতাধিক শিক্ষক অংশ নেন।
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকেরা কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে। কর্মসূচিতে উপাচার্য মো. রুহুল আমিন, শিক্ষক সমিতির আহ্বায়ক মো. মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কর্মসূচি পালনের কথা থাকলেও বেলা ১১টায় তা শেষ হয়। নতুন কলা ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: গাজীপুর প্রতিনিধি; দিনাজপুর অফিস; ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক এবং রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ইসলামী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি]