আবারও অব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ স্বজনের শোকে পাগলপ্রায় এক নারী। গতকাল মাওয়া ঘাট থেকে তোলা ছবি l প্রথম আলো
নিখোঁজ স্বজনের শোকে পাগলপ্রায় এক নারী। গতকাল মাওয়া ঘাট থেকে তোলা ছবি l প্রথম আলো

মাওয়ায় যাত্রীবাহী লঞ্চ পিনাক-৬ দুর্ঘটনার এক দিন না যেতেই আবারও কাওড়াকান্দি ঘাট থেকে শুরু হয়েছে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন। লঞ্চগুলোতে নেই তেমন কোনো নিরাপত্তা উপকরণও।
গত সোমবার বেলা ১১টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া পিনাক-৬ লঞ্চটি তিন শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। এর পরপরই কাওড়াকান্দি ঘাটের চিত্র পাল্টে যায়। বিকেল চারটা পর্যন্ত বন্ধ থাকে লঞ্চ চলাচল।
লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন বন্ধ করার জন্য ঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেয়ে আফরোজা এখনো নিখোঁজ। দুই দিন ধরে বিলাপ করছেন তাঁর মা। গতকাল মাওয়া ঘাট থেকে তোলা ছবি l প্রথম আলো
মেয়ে আফরোজা এখনো নিখোঁজ। দুই দিন ধরে বিলাপ করছেন তাঁর মা। গতকাল মাওয়া ঘাট থেকে তোলা ছবি l প্রথম আলো

তাদের নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি লঞ্চে ১৫০ জন যাত্রী ওঠানোর জন্য। গতকাল মঙ্গলবার সকালে কিছু লঞ্চ নিয়মমাফিক ঘাট থেকে ছেড়ে গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চিত্র পাল্টে যায়।
কাওড়াকান্দি-মাওয়া নৌপথে ১৯৯৬ সাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়। এ নৌপথে দিনে ৮৭টি লঞ্চ চলাচল করে। লঞ্চগুলোর যাত্রী ধারণক্ষমতা গড়ে ৮০ থেকে ১৪০ জন। এ নৌপথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করে। প্রতিদিন এ পথে ১৫ হাজার থেকে ২০ হাজার যাত্রী লঞ্চে পারাপার হয়। ঈদের মৌসুমে এর কয়েক গুণ বৃদ্ধি পায়।
গতকাল বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কাওড়াকান্দি ঘাটে দেখা গেছে যে প্রতিটি লঞ্চে ১৫০ থেকে ২৪০ জন পর্যন্ত যাত্রী ওঠানো হচ্ছে। পুলিশ সদস্যরা প্রতিটি লঞ্চের যাত্রী গুনে দিচ্ছেন। প্রতি ১০ মিনিট অন্তর অন্তর লঞ্চ ছেড়ে যাচ্ছে। কোনো লঞ্চেই চার থেকে পাঁচটির বেশি বয়া দেখা যায়নি। লঞ্চগুলোতে লাইফ জ্যাকেটও রাখা হয় না। অথচ সেখানে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাদের কর্মকাণ্ড লক্ষ করা যায়নি।
প্রিন্স অব শিবচরের যাত্রী ধারণক্ষমতা ৯৭। কিন্তু লঞ্চটিতে যাত্রী ওঠানো হয় ১৭০ জন। এ ব্যাপারে জানতে চাইলে চালক লাভলু মোল্লা বলেন, ‘আজকে আবহাওয়া ভালো, পদ্মা শান্ত।

মেয়ের লাশ ভেসে উঠে কি না, এ আশায় গতকাল মাওয়া ঘাটে নদীর পাড়ে অপেক্ষায় মা আয়েশা বেগম l প্রথম আলো
মেয়ের লাশ ভেসে উঠে কি না, এ আশায় গতকাল মাওয়া ঘাটে নদীর পাড়ে অপেক্ষায় মা আয়েশা বেগম l প্রথম আলো

তাই যে পরিমাণ যাত্রী তুলেছি, তাতে কোনো সমস্যা হবে না। ১৮ বছর যাবত এ রুটে লঞ্চ চালাচ্ছি, কখনো কোনো সমস্যায় পড়িনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, বিআইডব্লিউটিএর নৌ ট্রাফিক বিভাগ গন্তব্য থেকে লঞ্চ ছাড়ার আগে লঞ্চের ধারণক্ষমতার সনদ পরীক্ষা করে যাত্রী গুনে দেওয়ার নিয়ম রয়েছে। প্রতিটি লঞ্চে প্রয়োজনীয়সংখ্যক বয়া ও লাইফ জ্যাকেট না থাকলে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়ারও নিয়ম রয়েছে। মাওয়া-কাওড়াকান্দি নৌপথে নৌ ট্রাফিকের একজন পরিদর্শক কর্মরত রয়েছেন। তিনি মাওয়া ঘাটে দায়িত্ব পালন করেন।
মাওয়া-কাওড়াকান্দি নৌপথের লঞ্চ মালিক সমিতির সভাপতি আতাহার ব্যাপারী বলেন, লঞ্চে যাতে ধারণক্ষমতার অধিক যাত্রী ওঠানো না হয়, এ বিষয়টি জানিয়ে প্রতিটি মালিককে চিঠি দেওয়া হয়েছে।

লঞ্চডুবির ঘটনায় নিহতদের লাশের খোঁজে গতকাল নদীতে টহল দেন কোস্টগার্ডের সদস্যরা l প্রথম আলো
লঞ্চডুবির ঘটনায় নিহতদের লাশের খোঁজে গতকাল নদীতে টহল দেন কোস্টগার্ডের সদস্যরা l প্রথম আলো

এ ছাড়া দুর্বল কাঠামো ও ছোট লঞ্চগুলো না চালানোর জন্য বলা হয়েছে। সমিতির নির্দেশনা যারা না মানবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সাত্তার মিয়া বলেন, ‘প্রতিটি লঞ্চে ১৫০ জনের বেশি যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না। এর চেয়ে বেশি যাত্রী ওঠানোর বিষয়ে আমার জানা নেই।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ ট্রাফিকের পরিচালক সফিকুল হক বলেন, ‘নৌযানে অতিরিক্ত যাত্রী যাতে না উঠতে পারে, সে জন্য আমাদের একজন পরিদর্শক মাওয়া ঘাটে দায়িত্ব পালন করেন। কাওড়াকান্দি ঘাটে নৌ ট্রাফিকের কোনো সদস্য না থাকায় সোমবার অতিরিক্ত যাত্রী নিয়ে পিনাক-৬ লঞ্চটি ছেড়ে আসছিল। কাওড়াকান্দি ঘাটে নৌ ট্রাফিকের আর একজন পরিদর্শক নিয়োগ করা হবে।