আবারও অভিজাত দোকানে লইট্যা মাছে ফরমালিন
চট্টগ্রামের অভিজাত বাজারে আবারও লইট্যা মাছে ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে। গতকাল সোমবার নগরের কোতোয়ালি মোড়ে অবস্থিত চেইন সুপারশপ স্বপ্নে লইট্যা মাছ ও টমেটোতে ফরমালিন পান ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।এর আগে নগরের অভিজাত মানুষের বাজার হিসেবে পরিচিত কাজীর দেউড়ি বাজারের সব দোকানে লইট্যা মাছে ফরমালিন পাওয়া যায়। চকবাজারেও পৃথক অভিযানে লইট্যা মাছে ফরমালিন পেয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘক্ষণ ধরে বিক্রির জন্য দ্রুত পচনশীল লইট্যা মাছে বিক্রেতারা ফরমালিন, ইউরিয়া ইত্যাদি রাসায়নিক পণ্য ব্যবহার করেন বলে জানা গেছে। স্বপ্ন ছাড়াও গতকাল ভ্রাম্যমাণ আদালত নগরের চকবাজার এলাকায় গুলজার ফুড প্রোডাক্টস নামের আরেকটি খাবারের পণ্য তৈরির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বিএসটিআইয়ের আইন অনুসারে এ দুই প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া হয়। বিএসটিআই ও চট্টগ্রাম সিটি করপোরেশন যৌথভাবে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী হাকিম জয়নাল আবদীন। চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালত বিশুদ্ধ খাদ্য আইনে ওজন কম দেওয়ায় চারটি প্রতিষ্ঠানকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করেন।