আবারও বৈঠকে আ.লীগ-বিএনপি
চলমান রাজনৈতিক সংকট নিরসন ও সব দলের অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত করতে রাজধানীর গুলশানে ইউএনডিপির একটি প্রকল্পের কার্যালয়ে বৈঠক করছেন আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা।
আজ বিকেল সোয়া চারটার দিকে এ বৈঠক শুরু হয়েছে।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও গওহর রিজভী এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বৈঠকে উপস্থিত রয়েছেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিএনপিকে নির্বাচনে ফেরাতেই আমাদের এ বৈঠক। দেখা যাক কী হয়?’
এর আগে দুই দফায় জাতিসংঘের রাজনীতিবিষয়ক মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ওই বৈঠক দুটি থেকে ফল আসেনি। এবারের বৈঠকে মধ্যস্থতা করছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার।