আবারও আক্কেলপুর-বগুড়া সরাসরি বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট ও বগুড়া জেলার মোটর মালিক সমিতির দ্বন্দ্বের কারণে গত বৃহস্পতিবার সকাল থেকে আবারও আক্কেলপুর-বগুড়া সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। চার মাস আগে একই কারণে এ পথে এক মাস পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। জয়পুরহাট জেলা মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, আক্কেলপুর-বগুড়া সড়কে মোট ২২টি বাস চলাচল করে। এর মধ্যে ১৫টি বাস বগুড়া মোটর মালিক সমিতির এবং সাতটি জয়পুরহাট মোটর মালিক সমিতির। উভয় জেলার মোটর মালিক সমিতির সিদ্ধান্তে প্রতিদিন দুটি করে বাস চলাচল বন্ধ থাকে। এটি লটারির মাধ্যমে নির্ণয় করা হয়। বগুড়া মোটর মালিক সমিতি ১ ফেব্রুয়ারি থেকে আরেকটি বাস এই সড়কে যুক্ত করে। বাসটি আক্কেলপুরে এলে টার্মিনালে বসিয়ে রেখে পরের দিন যাত্রীবিহীন অবস্থায় বগুড়ায় ফেরত পাঠায় জয়পুরহাট মোটর মালিক সমিতি। এরপর বগুড়া মোটর মালিক সমিতি জয়পুরহাট মোটর মালিক সমিতির একটি বাস টার্মিনালে বসিয়ে রাখে। এ ঘটনায় উভয় মালিক পক্ষের মধ্যে দ্বন্দ্ব আরও চরমে ওঠে। বৃহস্পতিবার সকালে বগুড়া টার্মিনাল থেকে জয়পুরহাট মালিক সমিতির বাস বের করে দেওয়া হয়। এরপর থেকেই আক্কেলপুর-বগুড়া সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আক্কেলপুর বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, যাত্রীরা মালামাল নিয়ে বাসের অপেক্ষায় বসে আছেন। এ সময় বদলগাছী উপজেলার গোবরচাঁপা গ্রামের মুনছুর রহমান জানান, তিনি বাস টার্মিনালে এসে জানতে পারেন বগুড়ায় বাস যাচ্ছে না। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ভটভটিতে যাচ্ছেন। বাসযাত্রী আতিউর রাব্বী জানান, সরাসরি বাস চলাচল বন্ধ হওয়ায় বিকল্প ব্যবস্থায় বগুড়া যেতে ১০০ টাকা অতিরিক্ত লাগছে। জয়পুরহাট মোটর মালিক সমিতির সভাপতি পতন চৌধুরী বলেন, ‘বগুড়া মোটর মালিক সমিতি আলোচনা ছাড়াই ১ ফেব্রুয়ারি একটি বাস আক্কেলপুরে পাঠায়। আমরা ওই বাসটি যাত্রীবিহীন অবস্থায় পরের দিন বগুড়া ফেরত পাঠাই। এরপর বৃহস্পতিবার সকালে আমাদের সমিতির বাস বগুড়া টার্মিনাল থেকে তারা বের করে দেয়। এ কারণে আক্কেলপুর-বগুড়া সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে।’বগুড়া মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক সাগর কুমার রায় বলেন, ‘আক্কেলপুর-বগুড়া সড়কে সরাসরি বাস বন্ধ হওয়ার কথা আমার জানা নেই।’