
চট্টগ্রামের আনোয়ারায় পাঁচটি বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের দুধকুমড়া গ্রামের বরকত আলী মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়-পরাজয়ের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা অভিযোগ করেছেন।
দুর্বৃত্তের দেওয়া আগুনে দুধকুমড়া ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. হান্নান ও তাঁর ভাই মো. মান্নানের ঘর পুড়ে গেছে। এ ছাড়া আবুল কালাম ও তাঁর ভাই মাহবুব আলম এবং তাঁদের চাচাতো ভাই সালাহউদ্দিনের ঘর পুড়ে যায়। সব কটি ঘর একটির সঙ্গে আরেকটি লাগোয়া।
৪ জুন ইউপি নির্বাচনের দিন দুধকুমড়া গ্রামের পাঁচটি বাড়িতে, পরে ৭ জুন আরও একটি বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
মো. হান্নান ছাড়া সবাই ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এম এ কাইয়ুম শাহ জয়ী হন।
মো. হান্নান বলেন, ‘আমি আওয়ামী লীগ করায় কাল হয়েছে, পরাজিত প্রার্থীর লোকজন রাত দুইটার সময় আমাদের ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। ওই আগুন পাশের চারটি ঘরে ছড়িয়ে পড়ে।’
মাহবুব আলমের স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘মেয়ে বিয়ে দেওয়ার জন্য এক বছর আগে দুই লাখ টাকা ঋণ নিয়ে ঘর বানাই। আমার সব শেষ হয়ে গেল।’ তাঁর মেয়ে রোকসানা (২৩) দাবি করেন, ‘হান্নান নিজ ঘরে আগুন দিয়েছেন। এতে আমাদের ঘর পুড়ে গেছে।’
এ বিষয়ে পরাজিত প্রার্থী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিএনপির লোকজনকে ফাঁসাতে হান্নানই নিজ ঘরে আগুন দিয়ে এ ঘটনা ঘটিয়েছেন, ঘটনার আগে হান্নান তাঁর ঘরের মালামালও সরিয়ে নিয়েছেন।’
এ ব্যাপারে বারশত ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রথম আলোকে বলেন, বারশত ইউনিয়নে নৈরাজ্য সৃষ্টির জন্য পরাজিত পক্ষ বারবার নৃশংসতা ঘটাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ।