আবারও কার্যাদেশ দেওয়ার আগেই ইচ্ছামতো ঠিকাদারকে দিয়ে প্রায় ১৪ লাখ টাকার মেরামতকাজ করানো হয়েছে। এ ঘটনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের।
গণপূর্ত অধিদপ্তর থেকে এ রকম দুটি কার্যাদেশ গত সপ্তাহের শেষ দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ে পাঠানো হয়েছে। কিন্তু পরিচালক বলেছেন, এ কাজ আগেই শেষ হয়েছে।
গণপূর্ত বিভাগ সূত্র জানায়, দুটি কার্যাদেশই দেওয়া হয়েছে একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ১৮৫ এলিফ্যান্ট রোড, ঢাকা—এই ঠিকানার প্রতিষ্ঠানটি হলো মেসার্স রশিদ এন্টারপ্রাইজ।
কার্যাদেশ দেওয়া একটি কাজ হচ্ছে হাসপাতালের জেনারেটরের বার্ষিক রক্ষণাবেক্ষণ পরিচালনাকাজ। এর ঠিকা মূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা। কাজটিকে ২০১৪-১৫ অর্থবছরের হিসাবে দেখানোর জন্য ‘নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড’-এ ২৯ জুনের স্বাক্ষর দেখানো হয়েছে। তাতে স্বাক্ষর করেছেন রাজশাহী গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী এ এইচ এম ফয়জুল ইসলাম।
অন্য কাজটি হলো হাসপাতালের চারটি বেড লিফট এবং আইসিইউ ভবনের দুটি বেড লিফটের বার্ষিক রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও সার্ভিসিংয়ের কাজ। এর ঠিকা মূল্য ৯ লাখ ৩৩ হাজার টাকা। এ কাজটিও ওই প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। স্বাক্ষরকারীও এক।
এ বিষয়ে কথা বলতে গত বৃহস্পতিবার প্রকৌশলী ফয়জুল ইসলামকে ফোন করা হলে তিনি কোনো কথা না বলে ফোন রেখে দেন। এরপর তিন দিনে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তবে তিনি আগেরবার (জুন মাসে) বলেছিলেন, ভবিষ্যতে এটা (আগে কাজ করে পরে কার্যাদেশ) যাতে আর না হয় সে জন্য তিনি প্রাণপণ চেষ্টা করছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন কার্যাদেশের আগেই কাজ শেষ করার বিষয়ে বলেন, ‘এ রকম অনেক সময় করা হয়।’
নিয়ম অনুযায়ী কাজের জন্য প্রথমে প্রশাসনিক অনুমোদন নিয়ে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়। পরে নির্বাচিত ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ঠিকাদার কাজ করবেন। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে এর সম্পূর্ণ বিপরীত। গত জুনে একইভাবে এ রকম নয়টি প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়েছিল একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে। এর ঠিকা মূল্য ছিল ২৬ লাখ ৮২ হাজার টাকা। এ কাজগুলো আদৌ করা হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
ঠিকাদারদের একটি সূত্র জানিয়েছে, গত অর্থবছরে কাজগুলো করার জন্য প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়েছিল। কিন্তু এখন কাজ না করে পেছনের তারিখ দিয়ে সই করা কাগজপত্র দেখিয়ে বরাদ্দ করা অর্থ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা চলছে।