আবারও আটবার করে লোডশেডিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও দেশজুড়ে দিনে আটবার অর্থাৎ আট ঘণ্টা লোডশেডিং হচ্ছে। অবস্থা সেই মার্চ-এপ্রিল মাসের মতো। তখন মূল কারণ ছিল সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ। এখন সেচে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে না। তবে গ্যাসের উত্পাদন সামান্য কমে যাওয়ায় বিদ্যুৎ উত্পাদন কিছুটা ব্যাহত হচ্ছে। কিন্তু তাতে সকাল-সন্ধ্যা-মধ্যরাতনির্বিশেষে দৈনিক আটবার লোডশেডিং হওয়ার কথা নয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।গত সোমবার বিকেলে কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্রটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ পরিস্থিতির বর্তমান হাল হয়েছে। ওই ক্ষেত্র থেকে দৈনিক গ্যাস পাওয়া যেত ১২ কোটি ঘনফুট। কিন্তু পেট্রোবাংলা কয়েক দিন ধরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, তারা ওই ঘাটতি পূরণের জন্য বিবিয়ানা ও জালালাবাদ ক্ষেত্র থেকে বাড়তি ছয় কোটি ঘনফুট গ্যাস তোলার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী বাড়তি গ্যাস তোলাও হচ্ছে।তাহলে পেট্রোবাংলার বক্তব্য অনুযায়ী, বাঙ্গুরা ক্ষেত্রটি বন্ধ হওয়ার পর গ্যাসের ঘাটতি হচ্ছে ছয় কোটি ঘনফুট। এই ছয় কোটি ঘনফুট কম পেলেও বিদ্যুৎ উত্পাদন কমতে পারে সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট। তাতে আটবার করে লোডশেডিং হওয়ার কথা নয়।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নিয়ন্ত্রণকক্ষের হিসাব অনুযায়ী, গতকাল শনিবার বিদ্যুৎ উত্পাদনের লক্ষ্য ধরা হয়েছিল তিন হাজার ৯৬০ মেগাওয়াট। এর আগের কয়েক দিনও বিদ্যুৎ উত্পাদন ছিল প্রায় একই পরিমাণ। গরম বেড়ে যাওয়া এবং বিশ্বকাপ ফুটবল দেখার জন্য চাহিদা ধরা হচ্ছে এখন পাঁচ হাজার মেগাওয়াট। পিডিবি সূত্র জানায়, পাঁচ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে প্রায় চার হাজার মেগাওয়াট উত্পাদন হলে ঢাকাসহ দেশের সর্বত্র আটবার করে লোডশেডিং হওয়ার কথা নয়। কয়েক দিন ধরে ঢাকায় লোডশেডিং করা হচ্ছে ৫০০ মেগাওয়াটেরও বেশি। এর মধ্যে আবার ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) আওতাধীন এলাকায় লোডশেডিং করা হচ্ছে ২০০ থেকে ২৫০ মেগাওয়াট পর্যন্ত। ডেসকো সূত্র জানায়, তাদের সর্বোচ্চ চাহিদা ৫৫০ মেগাওয়াটের বিপরীতে ওই পরিমাণ বিদ্যুৎ কম পাওয়ার কথা নয়।ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) এলাকায়ও লোডশেডিং একই রকম বলে জানা গেছে। পল্লী বিদ্যুতের (আরইবি) এলাকায় লোডশেডিং আরও বেশি। সরকারি নির্ভরযোগ্য সূত্র জানায়, গ্যাস ও বিদ্যুতের উত্পাদন থেকে বিতরণ পর্যন্ত কয়েকটি পর্যায়ে যথাযথ ব্যবস্থাপনার অভাবে এ রকম হতে পারে।এই সূত্র জানায়, গভীর রাত থেকে ভোর পর্যন্ত যে পরিমাণ বিদ্যুৎ উত্পাদনের হিসাব পাওয়া যাচ্ছে, তাতে ওই সময়গুলোতে লোডশেডিং একেবারেই হওয়ার কথা নয়। তার পরও কেন হচ্ছে তা খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়েছে।