আবারও আন্দোলন শুরু করার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিবেশ ও এলাকার জন্য ক্ষতিকর হবে না—এমন বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত সরকারের পক্ষ থেকে হাজির করাসহ নতুন করে আরও কয়েকটি দাবি জানানো হয়েছে। আগামী ১৫ মের মধ্যে এই দাবি পূরণ না হলে বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে আবারও আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছেন গণ্ডামারার ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক লিয়াকত আলী।
গতকাল রোববার দুপুরে গণ্ডামারা ইউনিয়নের রহমানিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিয়াকত আলী আশঙ্কা প্রকাশ করেন, বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনের কারণে তাঁকে গুম বা খুন করা হতে পারে। তিনি নিজেকে বিএনপির কর্মী পরিচয় দিয়ে বলেন, এই আন্দোলন বিএনপির নয়, এটি এলাকার সব মানুষের। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক নেতার সঙ্গে সমঝোতার ভিত্তিতে বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন ৯ এপ্রিল ১৫ দিনের জন্য স্থগিত করেছিলেন লিয়াকত।
বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে লিয়াকত আলী বলেন, প্রকল্পটি করতে হলে জাতিসংঘের সনদ লাগবে। হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগকে সমীক্ষা করে সনদ দিতে হবে—এই প্রকল্পের কারণে ক্ষতি হবে না। কয়লাবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের জন্য তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ এবং মানবাধিকারকর্মী সুলতানা কামালকে বিদেশে নিয়ে যেতে হবে। তাঁরা পরিদর্শন করে এসে যদি গণ্ডামারাবাসীকে আশ্বস্ত করেন যে এই প্রকল্পে ক্ষতি হবে না, তা হলে এলাকার লোকজন তা মেনে নেবেন।
তবে আনু মুহাম্মদ ও সুলতানা কামালকে কয়লাবিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের জন্য বিদেশে পাঠানোর দাবি তুললেও এ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেননি বলে জানান লিয়াকত আলী।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে ২৫০ কোটি ডলার ব্যয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে। ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে-বিপক্ষের লোকজন সমাবেশ ডাকেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুই ভাইসহ চারজন নিহত হন।
সংবাদ সম্মেলনে লিয়াকত আলী বলেন, বিশেষজ্ঞরা বিদ্যুৎকেন্দ্র এলাকা পরিদর্শন করে প্রকল্পটি ক্ষতিকর হবে কি না, তা নিয়ে মতামত প্রদান এবং মামলা প্রত্যাহারসহ নানা দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হয়েছিল। কিন্তু কোনো দাবিই পূরণ হয়নি।