প্রায় সাত মাস ঝুলে থাকার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত আইনের ব্যাপারে আবার উদ্যোগী হয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আইনটির বিষয়ে আজ বৃহস্পতিবার প্রশাসন ক্যাডারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে। এর ভিত্তিতে আইনের খসড়া চূড়ান্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানতে চাইলে জনপ্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত আইনটি নিয়ে প্রকৌশল, চিকিৎসা ও কৃষি সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। বাকি ক্যাডারসহ কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।আইনটির খসড়ায় আউটসোর্সিংয়ের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার বিধান নিয়ে কর্মকর্তা-কমর্চারীদের সব মহল থেকে আপত্তি উঠেছে। তাঁরা বলছেন, এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী, সরকারি কর্মচারীদের নিয়োগসহ আনুষঙ্গিক বিষয়ে আইন করার আবশ্যকতা থাকলেও এখন পর্যন্ত কোনো আইন হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) সব ক্যাডার ও রাজস্ব খাতের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের নিয়ে সিভিল সার্ভিস আইন করার সিদ্ধান্ত হয়। এ জন্য একটি খসড়া করে সেমিনার-আলোচনাসহ বিভিন্নভাবে মতামত সংগ্রহ করা হয়। এরপর গত বছরের সেপ্টেম্বরে সেটি চূড়ান্ত করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়। কিন্তু সেটি চূড়ান্ত না করে গত এপ্রিলে সরকার সব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের একসঙ্গে করে একটি আইন করার উদ্যোগ নেয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে ‘সরকারি কর্মচারী আইন-২০১২’ নামে একটি খসড়া তৈরি করা হয়। এ নিয়ে গত ৩ জুন রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রথম পর্যায়ে প্রকৌশল, চিকিৎসা ও কৃষি সার্ভিসের নেতাদের সঙ্গে মতবিনিময় হয়। এত দিন বিষয়টি ঝুলে থাকার পর আবারও আলোচনা শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ২৭ ডিসেম্বর (আজ) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে প্রশাসনসহ বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের মতামত নেওয়া হবে। আজকের মতবিনিময়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম ও আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে।সূত্রমতে, প্রস্তাবিত আইনের খসড়ায় বলা হয়েছে, সরকারি কর্মচারী ও কর্মকর্তারা বিধি দ্বারা নির্ধারিত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ—এই চার শ্রেণীতে বিন্যস্ত থাকবেন। সরকার প্রয়োজন মনে করলে আউটসোর্সিংয়ের মাধ্যমে নির্দিষ্ট শ্রেণী, প্রকৃতি বা কর্মের সেবা সম্পূর্ণ বা আংশিক নিতে পারবেন। জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, প্রস্তাবিত আইনের উপরিউক্ত ধারা অনুযায়ী, সরকার চাইলে যেকোনো কর্মকর্তা-কর্মচারী বাইরে থেকে নিয়োগ দিতে পারবে।জনপ্রশাসনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বাইরে থেকে লোক নিয়োগ করা হলে সরকারি চাকরিতে বিশেষ করে প্রশাসনে দলীয়করণ প্রাতিষ্ঠানিকতা পাবে। তাঁরা বলছেন, চাকরি জীবনে সবার ওপরের পদে যাওয়ার লক্ষ্য থাকে। সে ক্ষেত্রে বাইরে থেকে লোক নিয়োগ করা হলে স্বাভাবিকভাবেই কর্মকর্তারা সেই সুযোগ হারাবেন। আর সরকার যখন বাইরে থেকে শীর্ষপর্যায়ে লোক বসাবে, তখন স্বাভাবিকভাবেই দলীয় ও নিজেদের পছন্দের লোক বসাবে। এ ছাড়া পদোন্নতির পরীক্ষায় কয়েকবার অকৃতকার্য হলে কর্মাবসান করাসহ আরও কয়েকটি ধারা নিয়েও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া আছে। অন্যান্য দিক: খসড়ায় বলা হয়েছে, চাকরির শ্রেণী ও প্রকৃতি অনুযায়ী প্রত্যেক কর্মচারী আবাসন-সুবিধা অথবা তা না পেলে বাড়িভাড়া পাবেন। এ বিষয়ে প্রাপ্ত মতামতে বাড়িভাড়া বাদ দিতে বলা হয়েছে। এ ছাড়া সরকারি কর্মচারীদের পুরস্কারের পাশাপাশি তিরস্কারের ব্যবস্থা রাখার বিধান রাখার সুপারিশও করা হয়েছে। খসড়ায় বলা আছে, সরকার বেতন কমিশনের সুপারিশ আমলে নেবে এবং সে অনুযায়ী কর্মচারীদের বেতন-ভাতা এবং ক্ষেত্রমতে সংশ্লিষ্ট পদে চাকরির যোগ্যতা পুনর্নির্ধারণ করবে। তবে মতামতে বলা হয়েছে, চাকরির যোগ্যতা বেতন কমিশন নির্ধারণ করতে পারে না।জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘আমি মনে করি অবশ্যই একটি আইন হওয়া উচিত এবং সে আইন এমনভাবে হবে, যাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারেন।’