আবারও উৎপাদন বন্ধের মুখে খুলনার রাষ্ট্রায়ত্ত নয় পাটকল
অনেক আন্দোলন-সংগ্রামের পর চালু হওয়া খুলনা অঞ্চলের (খুলনা-যশোর) নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল আবারও সংকটের মুখে পড়েছে। পাটকলগুলোর উৎপাদিত প্রায় সাড়ে চার কোটি টাকার পাটজাত পণ্য অবিক্রীত পড়ে রয়েছে। অর্থসংকটের কারণে পাটকলগুলো পাট কিনতে পারছে না৷ এই অবস্থা চলতে থাকলে শিগগিরই উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন পাটকলগুলোর কর্মকর্তা-কর্মচারীরা৷
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) খুলনা কার্যালয় থেকে জানা গেছে, ১৯৫০ সালের শুরুতে ভৈরব ও রূপসা নদীর কোল ঘেঁষে খুলনা অঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান ও কল-কারখানা স্থাপিত হতে থাকে, যা ধীরে ধীরে খুলনাকে শিল্পনগরে পরিণত করে৷ দেশ স্বাধীন হওয়ার পর গুরুত্বপূর্ণ মিল, কল-কারখানা সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়৷ কিন্তু ১৯৯০ থেকে ২০০৭ সালের ৩১ জুলাইয়ের মধ্যে অধিকাংশ কল-কারখানা বন্ধ হয়ে যায়। ২০০৯ সালের দিকে পাটকলগুলো আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। বন্ধ হওয়ার পর দৌলতপুর এবং পিপলস জুট মিলের নাম পরিবর্তন করে ‘খালিশপুর জুট মিল’ রেখে তা চালু করা হয়৷ বন্ধ থাকা ক্রিসেন্ট, প্ল¬াটিনাম, স্টার, ইস্টার্ন, জেজেআই, আলীম এবং কার্পেটিং জুট মিল উৎপাদনে আসে। কিছুদিনের মধ্যে মিলগুলো লাভ করতে শুরু করে। কিন্তু গত এক বছরে বিদেশের বাজারে পাটজাত পণ্যের চাহিদা কমে যাওয়ায় মিলগুলোর উৎপাদিত পণ্যের রপ্তািন কমে এসেছে। ফলে বিনিয়োগ করা পুঁজি উঠে না আসায় খুলনা-যশোরের রাষ্ট্রায়ত্ত নয়টি জুট মিলে অর্থসংকট দেখা দিয়েছে৷ ফলে লক্ষ্যমাত্রা অনুযায়ী পাট কেনা সম্ভব হচ্ছে না৷
বিজেএমসি সূত্র জানায়, চলতি বছরে পাট কেনার লক্ষ্যমাত্রা ছিল ১০ লাখ ৯১ হাজার ৪০৫ কুইন্টাল৷ এ পর্যন্ত পাট কেনা সম্ভব হয়েছে ছয় লাখ ৩৭ হাজার ২৯৬ কুইন্টাল। পাট ব্যবসায়ীদের কাছে বিজেএমসির দেনা রয়েছে প্রায় ১০০ কোটি টাকা। মিলগুলোতে প্রতিদিনের উৎপাদনের জন্য প্রয়োজনীয় পাট জোগান দিতে না পারলে উৎপাদন ব্যাহত হবে। আর উৎপাদন ব্যাহত হলে শ্রমিক-কর্মচারীদের নিয়মিত মজুরি দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈির হবে৷
ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. মুরাদ হোসেন বলেন, ‘বিদেশে বাজার পড়ে যাওয়ায় প্রতি টন পাটজাত পণ্যের দাম কমেছে ৩০-৩৫ হাজার টাকা। আমাদের মিলেই পড়ে আছে দেড় শ কোটি টাকার পণ্য। এভাবে চলতে থাকলে মিল বন্ধ হয়ে যাবে৷’
নাম প্রকাশ না করার শর্তে প্লাটিনাম জুট মিলের হিসাব বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘আমাদের মিলে ৬০ থেকে ৭০ হাজার টাকার পাটজাত পণ্য রয়েছে। আর পাট রয়েছে মাত্র তিন দিনের। টাকার অভাবে পাট কিনতে পারছি না৷ বিদ্যুৎ বিল এবং শ্রমিকদের বেতনও দিতে পারছি না। এভাবে চলতে থাকলে দ্রুত মিল বন্ধ করে দিতে হবে। সব মিলে একই অবস্থা বিরাজ করছে৷’
বিজেএমসির খুলনার আঞ্চলিক সমন্বয়কারী খন্দকার জাহাঙ্গীর নূরী বলেন, ভারত, অস্ট্রেলিয়া, জাপান, ইরান, সিরিয়া, সুদান ও পাকিস্তান বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের বড় ক্রেতা। বিশ্বমন্দার কারণে এসব দেশ পাট ও পাটজাত পণ্য কিনতে চাইছে না। ফলে বড় ধরনের দরপতন হয়েছে। এই অবস্থা বেশি দিন চলবে না। বিজেএমসির উদ্যোগে নতুন বাজার সৃষ্টির চেষ্টা চলছে। তিনি বলেন, বর্তমানে এমন অবস্থা যে নতুন করে পাট কিনতে না পারলে মিলগুলোর উৎপাদন বন্ধ রাখতে হতে পারে। এরই মধ্যে মিলগুলোর উৎপাদনক্ষমতার শতকরা ২৫ ভাগ বন্ধ রাখতে হয়েছে।