আবারও এইচএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন আজ রোববার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার গণিত (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। হাতে লেখা একধরনের প্রশ্ন বিভিন্নভাবে পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ই-মেইলেও এটি বিভিন্নজনের কাছে যাচ্ছে।
উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের পড়ান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এমন একজন ছাত্র গতকাল শনিবার বলেন, তাঁর এক ছাত্রও হাতে লেখা এ ধরনের প্রশ্ন পেয়েছে বলে জানিয়েছে৷
তবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এস ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, তাঁরা এ ধরনের কোনো অভিযোগ পাননি।
এর আগে গত মাসে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঢাকা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এ ঘটনায় এখনো তদন্ত চলছে৷ এরই মধ্যে আরও কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। তবে বাকিগুলোর বিষয়ে আর স্বীকার করেনি কর্তৃপক্ষ।
এদিকে বুয়েটের কিছু শিক্ষার্থী গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানিয়েছেন।