আবারও একই সময়ে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা!
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য সময়সূচি একই সময়ে পড়েছে। গত বছর একই সময়ে বিশ্ববিদ্যালয় দুটিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীরা বিপাকে পড়েন। এবারও একই ধরনের ঘটনা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২২ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠানের জন্য নির্ধারণ করা হয়েছে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২ থেকে ৩০ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের গত বছর ২৪ থেকে ২৭ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং ২৩ থেকে ৩১ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে কিছু ইউনিটে একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই দুই বিশ্ববিদ্যালয়ে একই সময়ে অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের অনেকেই দুই জায়গায় পরীক্ষা দিতে পারেননি।
৮ জুন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপরেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ থেকে ২৬ অক্টোবর, যাতে অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে মিলে না যায়।’
এদিকে ১০ জুন পরীক্ষার সূচি ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা ২২ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করে। এতে আবারও বিপাকে পড়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে, চূড়ান্ত নয়। পরে উপাচার্য পরিষদের সভা হবে। সব শিক্ষক একসঙ্গে বসে সমন্বয় করা হবে।’