আবারও একই স্থানে সভা, পুনরায় ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে আবারও ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। দুই দিনের ব্যবধানে আজ সোমবার একই স্থানে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ আহ্বান করায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল রোববার রাতে এ আদেশ জারি করা হয়। এর আগে গত শনিবার ১৪৪ ধারা জারি করায় আওয়ামী লীগ ও বিএনপি কেউ কোনো সমাবেশ করতে পারেনি।উভয় দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গজারিয়া ইউনিয়ন চৌমুহনী বাজার মাঠে শনিবার বেলা তিনটায় যুদ্ধাপরাধী ও রামুতে বৌদ্ধমন্দিরে হামলাকারীদের বিচারের দাবিতে সমাবেশ আহ্বান করে ইউনিয়ন আওয়ামী লীগ। অপরদিকে ইউনিয়ন দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে একই দিনে একই স্থানে ও একই সময়ে বিএনপি সভা আহ্বান করে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। দুই দিনের ব্যবধানে গজারিয়া ইউনিয়ন চৌমুহনী বাজার মাঠে আজ আবার সমাবেশের ডাক দেয় বিএনপি। আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় সেখানে সভা করার। গতকাল রাত নয়টা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা বহাল থাকবে বলে জানা যায়। উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম বলেন, ‘পূর্বনির্ধারিত সভা করতে না পেরে আমরা আগামীকাল (আজ) পুনরায় সমাবেশের ডাক দিই।’গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিন্নত আলী বলেন, ‘আমরা জানতাম না, বিএনপি পুনরায় সভা আহ্বান করেছে।’