আবারও ঐক্যের ডাক ইমরান এইচ সরকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজারগণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধের বিচারে সরকারকে বাধ্য করতে পুনরায় দেশের জনগণকে ঐকবদ্ধ হয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। নইলে সরকার যুদ্ধাপরাধের বিচারকে নির্বাচনী প্রচারণা হিসেবে ব্যবহার করতেই থাকবে।
রাজধানীর শাহবাগে গতকাল সোমবার ‘যুদ্ধাপরাধীদের বিচারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনায় এক প্রশ্নের জবাবে ইমরান এসব কথা বলেন। গণজাগরণ মঞ্চের ইমরানপন্থী অংশ আয়োজিত এই আলোচনা সভায় তিনি আরও বলেন, জামায়াত প্রতিদিনই শক্তিশালী হচ্ছে, অন্যদিকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি প্রতিনিয়ত বিভক্ত হচ্ছে।
গণজাগরণ মঞ্চের বিভক্তি দূর করতে কোনো পদক্ষেপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে ইমরান বলেন, গণজাগরণ মঞ্চের দরজা প্রতিটি মানুষের জন্য সব সময় খোলা। তবে রাজনৈতিক ব্যক্তিরা যদি মঞ্চে আসতে চান, তাঁকে অবশ্যই তাঁর রাজনৈতিক এজেন্ডা বাদ দিয়ে আসতে হবে। সরকার-সমর্থক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে গণজাগরণ মঞ্চকে ভাঙার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ‘দলীয় স্লোগান’ দেওয়া নিয়েই আন্দোলনের ভাঙনের সূত্রপাত উল্লেখ করে তিনি বলেন, একজন রাজনৈতিক নেতার নামে স্লোগান দিলেই তাঁর আদর্শ বাস্তবায়ন হয়ে যায় না।
ইমরান এইচ সরকার বলেন, গণজাগরণ মঞ্চকে শক্তিশালী করতে ‘গণজাগরণ ঘরে ঘরে’ কর্মসূচি নেওয়া হয়েছিল। এই কর্মসূচির আওতায় ঢাকার বাইরে এখনো সব জেলায় যাওয়া হয়নি। সেগুলোতে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে যাঁদের গণজাগরণ মঞ্চের পাশে পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে।
ইমরান বলেন, এলাকাভিত্তিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানভিত্তিক লোকদের ঐক্যবদ্ধ করে তাঁদের নিজস্ব এলাকার তত্ত্বাবধানে দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ মুক্ত আলোচনায় অংশ নেন। সিরাজগঞ্জ, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আন্দোলন ও যুদ্ধাপরাধীর বিচার নিয়ে ইমরানের কাছে জানতে চান।