আবারও কর্মবিরতির ঘোষণা সরকারি কলেজের শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল বাদ দিয়ে সরকারি কলেজের অধ্যাপকদের পদ ‘অবনমনের’ প্রতিবাদে দুই দিনের কর্মবিরতি ঘোষণা করেছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের (মূলত কলেজশিক্ষক) সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন। এতে বক্তব্য দেন সমিতির সভাপতি নাসরীন বেগম ও মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

সংবাদ সম্মেলনে বলা হয়, নতুন বেতনস্কেলে সরকারি কলেজের অধ্যাপকদের পদমর্যাদা ও বেতনক্রম ‘অবনমন’ করা হয়েছে, যা সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করার শামিল। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে আগামী ৪ ও ৫ জানুয়ারি সরকারি কলেজের শিক্ষকেরা পরীক্ষা বর্জনসহ পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। এর আগে আগামীকাল বুধবার শিক্ষাসচিব সোহরাব হোসাইনের সঙ্গে এবং পরের দিন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের বক্তব্য তুলে ধরা হবে।

সেলিম উল্লাহ খোন্দকার প্রথম আলোকে বলেন, তাঁরা চান শিক্ষা ক্যাডারের অধ্যাপকেরা গত ১ জুলাই থেকে গ্রেড-৩-এ যাওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। এরপর নিয়োগ ও পদোন্নতি বিধিমালা সংশোধনসহ বাকি বিষয়গুলোর সুরাহা চান তারা।

সাধারণত সরকারি কলেজের অধ্যাপকেরা চতুর্থ গ্রেডের কর্মকর্তা। কিন্তু সিলেকশন গ্রেড থাকায় এতদিন মোট অধ্যাপকদের মধ্যে ৫০ শতাংশ অধ্যাপক গ্রেড-৩-এ যেতে পারতেন। কিন্তু সিলেকশন গ্রেড বাদ দেওয়ায় এখন এই পথ বন্ধ হয়ে গেল।

এ বিষয়ে নতুন স্কেলের প্রজ্ঞাপন জারির আগ থেকেই কর্মবিরতিসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছেন সরকারি কলেজের শিক্ষকেরা। ১৫ ডিসেম্বর বেতন স্কেলের প্রজ্ঞাপনে এ বিষয় সুরাহা না হওয়ায় তাঁরা আবারও আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন।