আবারও কারাগারে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগারে নেওয়া হচ্ছে  কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে l প্রথম আলো
কারাগারে নেওয়া হচ্ছে কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে l প্রথম আলো

প্রায় ২০ কোটি টাকার দুর্নীতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. রুহুল আমিনকে আবারও কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে তিনি কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম মো. তৌফিক আজিজের আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। কিন্তু আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত ও দুদক সূত্র জানায়, কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে ১ হাজার ৪১৪ একর জমিতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা চিংড়িঘের, ঘরবাড়িসহ অবকাঠামোর বিপরীতে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এর মধ্যে ২৫টি অস্তিত্বহীন চিংড়িঘের দেখিয়ে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ৪৬ কোটি ৩ হাজার ৩২০ টাকা। এই খাত থেকে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ আছে।

 এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর মাতারবাড়ীর ব্যবসায়ী এ কে এম কায়সারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাফর আলমসহ ২৮ জনের বিরুদ্ধে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন। দুদক দীর্ঘ তদন্ত শেষে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের সঙ্গে সাবেক ডিসিসহ ৩৬ জনের জড়িত থাকার তথ্য পায়। গত ৩ এপ্রিল তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি)মো. ইকবালুর রশিদ আমিন বলেন, এর আগে হাইকোর্টের আপিল বিভাগ কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনের জামিন বাতিল করেন। এরপর তিনি গত ২২ মে কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক মো. তৌফিক আজিজ জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠিয়েছিলেন। পরে এক মাসের মাথায় উচ্চ আদালত থেকে তিনি জামিন নিয়ে বের হন। গত ১০ জুলাই উচ্চ আদালত তাঁর জামিন বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সাবেক ডিসি রুহুল আমিন গতকাল রোববার দুপুরে কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেছিলেন।

বেলা দেড়টার দিকে মুখ্য বিচারিক হাকিম আদালত থেকে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি নিজের মুখ ঢেকে রেখেছিলেন। গাড়িতে ওঠার সময় স্থানীয় সাংবাদিকেরা সাবেক জেলা প্রশাসকের কাছে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।

দুদকের আইনজীবী আবদুর রহিম বলেন, গত ৯ মে একই মামলার আসামি ও কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে দুদক। এর আগে ৩ এপ্রিল দুদকের বিশেষ দল কক্সবাজার শহরে অভিযান চালিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার (এলও) সাবেক উচ্চমান সহকারী আবুল কাশেম মজুমদার, সাবেক সার্ভেয়ার ফখরুল ইসলাম ও আইনজীবী নুর মোহাম্মদ সিকদারকে গ্রেপ্তার করে। তাঁরাও এই দুর্নীতি মামলার আসামি।