আবারও কারাগারে সেই আঞ্জুয়ারা
বিনা দোষে তিন মাস অন্যের সাজা খেটেছিলেন আঞ্জুয়ারা বেগম৷ প্রথম আলোতে এ ব্যাপারে প্রতিবেদন ছাপা হওয়ার পর আঞ্জুয়ারাকে কেন মুক্তি দেওয়া হবে না, তা জানাতে তিন জেলার তিনজন পুলিশ সুপারকে (এসপি) তলব করেছিলেন উচ্চ আদালত৷ এরপর বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান আঞ্জুয়ারা৷
দেড় বছর পর সেই আঞ্জুয়ারা বেগমকে একটি মাদক পাচারের মামলায় গত শনিবার পুলিশ গ্রেপ্তার করে বগুড়া জেলা কারাগারে পাঠিয়েছে৷ বগুড়ার এসপি মো. মোজাম্মেল হক দাবি করেছেন, আঞ্জুয়ারাকে ৮০ বোতল ফেনসিডিলসহ পুলিশ গ্রেপ্তার করেছে৷ এসপি অবশ্য স্বীকার করেন, ২০১২ সালে আঞ্জুয়ারাকে যে তিনটি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, ওই মামলাগুলোতে িতনি আসামি ছিলেন না৷ আসািম ছিলেন লাইলী বেগম নামের এক নারী৷
বগুড়া সদর থানার পুলিশ জানায়, শহরের চারমাথা-সংলগ্ন নিশিন্দারা পাইকপাড়া এলাকার পানের দোকানদার আবদুল আজিজের স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে ৮০ বোতল ফেনসিডিলসহ শনিবার সন্ধ্যায় উপশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়৷ কারাগারে পাঠানোর কারণে আঞ্জুয়ারার কোনো বক্তব্য জানা যায়নি৷ তবে আঞ্জুয়ারার মেয়ে জানায়, তাঁর মা ষড়যন্ত্রের শিকার৷ তাঁর মায়ের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ সঠিক নয়৷
২০১২ সালের ৩ আগস্ট নিশিন্দারা এলাকার দুদু শেখের স্ত্রী লাইলী বেগম ভেবে পুলিশ ভুলবশত আঞ্জুয়ারাকে গ্রেপ্তার করে৷ এরপর জয়পুরহাটের পাঁচবিবি ও নাটোর সদর থানায় দায়ের হওয়া তিনটি চোরাচালান মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়৷ এ ব্যাপারে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর উচ্চ আদালতের হস্তক্ষেপে আঞ্জুয়ারার মুক্তি মেলে৷
এ ঘটনায় আদালত বগুড়া, জয়পুরহাট ও নাটোরের তৎকালীন এসপিকে ডেকে ভৎ৴সনাও করেন৷ পরে প্রত্যাহার করে নেওয়া হয় উপশহর ফাঁড়ির পুলিশের কর্মকর্তাকে৷