যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে মো. মাসুদ (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার যশোর জেনারেল হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।
মাসুদ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
মাস তিনেক আগে গোবিন্দ সরেন নামের অপর এক কিশোরের লাশ উদ্ধার করা হয়। সেও আত্মহত্যা করেছিল বলে কর্তৃপক্ষ ধারণা করছে। গোবিন্দ সরেনের বাড়ি ছিল রাজশাহীর তানোর উপজেলায়।
দুই কিশোরের আত্মহত্যার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানের প্রবেশন অফিসার মাসুম বিল্লাহ বলেন, বিভিন্ন অপরাধের সংস্পর্শে আসা কিশোরেরা আদালতের মাধ্যমে এ কেন্দ্রে আসে। এদের বেশির ভাগই মানসিকভাবে অসুস্থ। তাদের চিকিৎসার জন্য সরকারি এ প্রতিষ্ঠানে মনোরোগের কোনো চিকিৎসক নেই। তা ছাড়া কেন্দ্রের ৬ জন কর্মকর্তার মধ্যে চারজনের পদ শূন্য। তাদের দেখভালের জন্য হাউস প্যারেন্টস ও সোশ্যাল কেস ওয়ার্কার পদের তিনজনই নেই। মূলত কিশোরদের কাউন্সেলিংয়ের কাজ এ তিনজন করে থাকেন। যে কারণে কিশোরেরা অনেকটা হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করছে।
কিশোর উন্নয়ন কেন্দ্র সূত্রে জানা গেছে, যশোর শহরতলির পুলেরহাট এলাকার কিশোর উন্নয়ন কেন্দ্রের দ্বিতীয় তলার ৮ নম্বর কক্ষে থাকত মাসুদ। গত ২৬ জুন চুরির একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে এ কেন্দ্রে পাঠানো হয়। গত মঙ্গলবার রাত ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। যশোর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমানের উপস্থিতিতে গতকাল বুধবার যশোর জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়।