জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের দ্বিতীয় তলায় গতকাল রোববার ছাদের পলেস্তারা খসে পড়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভবনটির ছাদ থেকে পলেস্তারা খসে পড়ল।
বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই পুরাতন কলাভবনের ছাদের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। সেগুলোর মধ্য থেকে দ্বিতীয় তলায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির কক্ষের ছাদের একটি অংশ এবং সংলগ্ন করিডরের কয়েকটি অংশ থেকে পলেস্তারা খসে পড়ে। গতকাল সকাল নয়টা থেকে ১০টার মধ্যে বিভিন্ন জায়গা থেকে এগুলো খসে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উপাচার্য ফারজানা ইসলাম, সহ-উপাচার্য আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের, কলা ও মানবিকী অনুষদের ডিন সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান ভবনটি পরিদর্শন করেন। কলা ও মানবিকী অনুষদের ডিন কামরুল আহছান বলেন, ছাদ নষ্ট হয়ে যাওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে কোনো সাময়িক সমাধানে না গিয়ে পুরো ছাদ নতুন করে নির্মাণের আশ্বাস দিয়েছেন উপাচার্য।
গত বছর ১৪ আগস্টও এ ভবনের দ্বিতীয় তলার দুটি শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। এর মধ্যে একটি কক্ষে সিলিং ফ্যানসহ পলেস্তারা খসে পড়ে। এর পর থেকে ওই কক্ষ দুটি আর ব্যবহার না করা হলেও মেরামতও করা হয়নি।