আবারও খাবার খেয়ে অসুস্থ ১৬ গরু ব্যবসায়ী
চট্টগ্রামে গরু বিক্রি করতে এসে আবারও খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন ১৬ গরু ব্যবসায়ী। গত রোববার রাতে নগরের পাহাড়তলী সাগরিকা গরু বাজারের খাবার খেয়ে তাঁঁরা অসুস্থ হয়ে পড়েন।
বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই দিন ভোররাতে নগরের স্টিল বাজারে খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েন ২৬ গরু ব্যবসায়ী।
গরু ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে ১০ জনকে পরে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ জানান, খাবারে বিষাক্ত কিছু কিংবা নেশাজাতীয় কিছু মেশানোর কারণে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে কর্তব্যরত চিকিৎসক তাঁদের হাসপাতালে ভর্তি করান।
অসুস্থ গরু ব্যবসায়ী শেতাবুল আলম বলেন, ‘রাতে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ি। খাবারে কেউ নেশাজাতীয় কিছু মেশাতে পারে।’
অসুস্থ গরু ব্যবসায়ীরা হলেন ছাদেকুল, তফজল, সেলিম, মোজাম্মেল, শরীফ, জহিরুল, আবুল কালাম, মকবুল, শফিকুল, আনারুল, ছৈয়দুল, আবদুল মতিন, হুমায়ুন ও মেহেরুল।