আবারও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানাল জাতিসংঘ

বাংলাদেশে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আবারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। খবর ইউএনবির।
বান কি মুন বলেন, স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন কেবল তখনই সম্ভব, যখন প্রচারণার জন্য নিরুপদ্রপ ও নিরাপদ পরিবেশ থাকে। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গত বুধবার এক নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ এ আহ্বানের কথা জানান।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণাকালে সম্প্রতি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে কয়েক দফা হামলার ব্যাপারে মুখপাত্র ব্রিফিংয়ে বলেন, ‘যথাযথ কর্তৃপক্ষ হামলার এসব ঘটনা তদন্ত করছে বলে আমরা জেনেছি।’
নিয়মিত ব্রিফিংয়ে দুজারিচ আরও জানান, আসন্ন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণের সিদ্ধান্তে উৎসাহিত বোধ করছেন মহাসচিব বান কি মুন। এই নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার বিষয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
দুজারিচ জানান, মহাসচিব বান কি মুনের প্রত্যাশা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে রাজনৈতিক দলগুলো তাদের মতপার্থক্য নিরসনে শিগগিরই একটি পথ খুঁজে বের করবে। এ ক্ষেত্রে বাংলাদেশকে সর্বাত্মক সমর্থন দিতেও প্রস্তুত রয়েছে জাতিসংঘ।
এই বক্তব্যের আগে গত ৪ এপ্রিল এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেছিলেন, বাংলাদেশে বিগত সপ্তাহগুলোতে সহিংসতা কমে আসাকে স্বাগত জানিয়েছেন বান কি মুন।