আবারও ঘন কুয়াশা পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট বন্ধ নয় ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গত মঙ্গলবার রাত ১০টা থেকে গতকাল বুধবার সকাল সাতটা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে চারটি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকে। নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে সাত শতাধিক যানবাহন আটকা পড়ে। কনকনে শীতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুৎ কুমার সাহা বলেন, পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে দুই শতাধিক যাত্রীবাহী কোচ, চার শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক ছোট গাড়ি আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হলে যানবাহনের চাপ কমতে থাকে। তবে বিকেলের পর যানবাহনের চাপ আবার বাড়তে থাকে। গতকাল সন্ধ্যায় পাটুরিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও শতাধিক যাত্রীবাহী কোচ দীর্ঘ সারিতে নদী পার হওয়ার অপেক্ষায় থাকে।