আবারও ঘুমন্ত মানুষকে আগুনে পোড়ানো হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ঘুমন্ত মানুষকে আগুনে পোড়ানো হলো। রাজনীতির নামে চালানো মাত্রাছাড়া নৃশংসতায় ঝলসে দেওয়া হলো বাসশ্রমিক আলমগীর হোসেনের (২৫) শরীর।

গত শুক্রবার দিবাগত রাতে মুন্সিগঞ্জের মাওয়ায় পার্ক করা বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন আলমগীর। সেই বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। দগ্ধ আলমগীরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সায়েদাবাদে একটি বাসে আগুন দেন অবরোধকারীরা। এতে বাসটিতে ঘুমিয়ে থাকা কিশোর শ্রমিক মো. হাসান (১৭) মারাত্মক দগ্ধ হয়। ওই দিন সন্ধ্যায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায় সে। গত ৪ নভেম্বর গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাভার্ড ভ্যানে আগুন দেন হরতালকারীরা। ওই ভ্যানে ঘুমিয়ে থাকা কিশোর মনির হোসেন দগ্ধ হয়। সেও মারা যায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে।

হরতাল-অবরোধের ডাক দিয়ে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে দেওয়ার এই চরম বীভৎসতা থামানোর কোনো উদ্যোগ নিচ্ছেন না কেউ। বরং রাজনৈতিক কর্মসূচিই হয়ে পড়ছে সাধারণ মানুষ পোড়ানোনির্ভর। যদিও কর্মসূচি ঘোষণাকারী বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ১৮ দল এর জন্য সরকারের দিকে ইঙ্গিত করেছে এই নৃশংসতা শুরুর কয়েক দিন পর। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতি দিয়ে নিরপরাধ মানুষের ওপর যাতে হামলা না হয়, সেদিকে খেয়াল রাখতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষ পোড়ানো থামছে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, গতকাল শনিবার পর্যন্ত নাশকতার আগুনে পোড়া ১২৩ জন বার্ন ইউনিটে এসেছেন। তাঁদের মধ্যে ৭২ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ভর্তি আছেন ৩০ জন। তাঁদের মধ্যে আইসিইউতে আছেন পাঁচজন। এই পাঁচজনের মধ্যে চারজন শাহবাগে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হয়েছিলেন। আগুনে পোড়া অন্তত ১২ জন এ পর্যন্ত মারা গেছেন।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে মাওয়ায় তিনটি বাসে অগ্নিসংযোগ ও একটি বাসে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এর মধ্যে গ্রেট বিক্রমপুর নামের একটি বাসে ঘুমিয়ে ছিলেন চালকের সহযোগী আলমগীর।

আলমগীরকে উদ্ধারকারীরা জানান, ধোঁয়া ও আগুনের তাপে ঘুম ভেঙে যায় আলমগীরের। চিৎকার শুরু করেন তিনি। বাস থেকে নামার চেষ্টা করেন। কিন্তু আগুন ও ধোঁয়ার তোড়ে তাঁর সব চেষ্টা ব্যর্থ হয়। চিৎকার শুনে ও আগুন টের পেয়ে স্থানীয় কয়েকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলমগীরকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে।

গতকাল দুপুরে বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, দগ্ধ মুখ ও সারা শরীরে ব্যান্ডেজ নিয়ে শুয়ে আছেন আলমগীর। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তাঁর।

আলমগীরের ভাই মো. আনিস সাংবাদিকদের জানান, মুন্সিগঞ্জের শ্রীনগরে পাটাবো এলাকায় তাঁদের গ্রামের বাড়ি। চার ভাইবোনের মধ্যে আলমগীর তৃতীয়। আগে আসবাবপত্রের ব্যবসা করতেন। লোকসান হওয়ায় তা ছেড়ে দিয়ে এক বছর ধরে বাসে চালকের সহযোগী হিসেবে কাজ করছিলেন। সারা দিন কাজ করার পর প্রায় সময় বাসেই ঘুমাতেন আলমগীর।

আনিস বলেন, আগামী শুক্রবার তাঁর (আনিস) বিয়ের অনুষ্ঠান। অনুষ্ঠানের বিভিন্ন কাজ ও অবরোধে নাশকতার আশঙ্কায় বাবা ইউনুছ শেখ আলমগীরকে বাসের কাজ বন্ধ রাখার জন্য বকাঝকা করেছিলেন। এতে উল্টো রাগ করে এক সপ্তাহ বাসায় যাননি আলমগীর। শেষে বাবার আশঙ্কাই কাল হয়ে দেখা দিল আলমগীরের জীবনে।

জাহানারা বেগম: ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে শুক্রবার রাতে দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছেন জাহানারা বেগম (৫০) নামের এক নারীকে। তিনি সাংবাদিকদের জানান, জুরাইনের ঢালকানগরে থাকেন তিনি। ফেরি করে কাপড়ের ব্যবসা করেন। শুক্রবার রাত পৌঁণে আটটায় তিনি শ্যামপুরের ওয়াসা রোডে মেয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ইজিবাইকে বাসায় ফিরছিলেন। কদমতলী থানার লাল মসজিদসংলগ্ন অটোবি কারখানার সামনে পৌঁছালে কয়েকজন যুবক তাঁকে বহনকারী গাড়িতে আগুন দেয়। এতে তাঁর হাত-পিঠসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু আগুন গাড়ির পরিবর্তে জাহানারার শাড়িতে লাগে। এতে তিনি পুড়ে যান। ওসি বলেন, জাহানারা কোনো মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।