মানবতাবিরোধী অপরাধীদের বিচারে পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আবারও আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে তিনি বলেছেন, ট্রাইব্যুনাল সরানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবারও সুপ্রিম কোর্টে চিঠি পাঠাবেন। এর কারণ জনগণের ইচ্ছা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানেই থাকুক এবং ট্রাইব্যুনালের কাজ শেষ হওয়ার পর এটা একটা জাদুঘর হোক। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট থেকে মন্ত্রণালয়ে এই চিঠি দেওয়া হয়। চিঠিতে ৩১ ডিসেম্বরের মধ্যে ট্রাইব্যুনাল সরিয়ে ভবনটি সুপ্রিম কোর্টের অনুকূলে হস্তান্তরের জন্য বলা হয়েছে। এর আগে ১৮ আগস্ট ট্রাইব্যুনাল স্থানান্তর করে সুপ্রিম কোর্টের অনুকূলে পুরোনো হাইকোর্ট ভবনের দখল ৩১ অক্টোবরের মধ্যে হস্তান্তর করতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য মন্ত্রণালয় ৩০ অক্টোবর সুপ্রিম কোর্টে চিঠি দেয়।