আবারও জমি চাইল সরকার, পুনর্বিবেচনার দাবি চরবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে গতকাল চরাঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন রওশন এরশাদ ও মতিউর রহমান l প্রথম আলো
ময়মনসিংহে গতকাল চরাঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন রওশন এরশাদ ও মতিউর রহমান l প্রথম আলো

বিভাগীয় কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান এবং আধুনিক ময়মনসিংহ শহর করার জন্য ব্রহ্মপুত্রের চর এলাকার মানুষের কাছে জমি ছেড়ে দেওয়ার আহ্বান জানালেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চরবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় তাঁরা এ আহ্বান জানান।
সভায় ব্রহ্মপুত্রের চর এলাকার পাঁচ গ্রামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন চর এলাকার জমি অধিগ্রহণের সিদ্ধান্ত ও জমিতে কী ধরনের স্থাপনা করা হবে তা উপস্থাপন করেন। কিন্তু চরবাসী তাঁদের বসতভিটা রক্ষার দাবিতে অনড় থেকে অধিগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তখন রওশন এরশাদ ও মতিউর রহমান চরবাসীর প্রতি জমি ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
সভায় বিভাগীয় কমিশনার তাঁর উপস্থাপনায় বলেন, ব্রহ্মপুত্রের চরে আধুনিক ময়মনসিংহ শহর গড়ার লক্ষ্যে সরকার জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। প্রথমে ১ হাজার ২২০ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। পরে নগর উন্নয়ন অধিদপ্তর পরীক্ষা করে দেখে, ওই জমি নিয়ে বন্যা ও ভূমিকম্পের ঝুঁকি আছে। পরবর্তী সময়ে আটটি মৌজায় চর ঈশ্বরদিয়া, চর গোবিন্দপুর, চর দুর্গাপুর, চর আনন্দিপুর ও চর ভবানীপুর গ্রামের ৪ হাজার ৩৬৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী ওই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বিভাগীয় কমিশনার আরও বলেন, নতুন ময়মনসিংহে আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার, বঙ্গবন্ধু নভোথিয়েটার, ইকো পার্ক, পাবলিক বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসহ আধুনিক নগরের সবকিছুই থাকবে। যাঁদের জমি নেওয়া হবে তাঁদের পৈতৃক বাড়ি থেকে সর্বোচ্চ ৫০০ গজের মধ্যে পুনর্বাসন করা হবে। এ জন্য পরিকল্পনায় মোট ১১টি প্লট রয়েছে।

বিভাগীয় কমিশনারের উপস্থাপনার পর চরাঞ্চলের প্রতিনিধিরা জমি অধিগ্রহণ প্রক্রিয়া থেকে তাঁদের বসতভিটা রক্ষার দাবি জানিয়ে বক্তব্য দেন। চরাবাসীর পক্ষে বক্তব্য দেন বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক সৈয়দ মোশারফ হোসেন, চর সিরতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ, চর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম ও ব্যবসায়ী আবুল মুনসুর আহমেদ। সভা শেষে সৈয়দ মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসনের কাছে বসতভিটা অধিগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছি।’

চরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে রওশন এরশাদ বলেন, নতুন কিছু পেতে হলে কাউকে তো ছাড় দিতেই হয়। যাঁরা জমি দেবেন, সরকার তাঁদের ক্ষতিপূরণ দেবে। তিনি বলেন, ‘কেউ যদি ক্ষতিপূরণ না পান, তাহলে আমি আমার বাবার জমি বিক্রি করে তাঁকে ক্ষতিপূরণ দেব।’

ধর্মমন্ত্রী মতিউর রহমানও চরবাসীর প্রতি জমি ছেড়ে দিয়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন ও আধুনিক ময়মনসিংহ গড়ার জন্য সহযোগিতার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক উপস্থিত ছিলেন।