আবারও জলমগ্ন বরিশাল নগর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়েছে বরিশাল নগর। গতকাল বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সকাল ছয়টা বাজতেই কোথাও কোথাও হাঁটুপানি জমে যায়। বৃষ্টির পানিতে নগরের মধ্যাঞ্চলের পুরোটা জলমগ্ন হয়ে পড়েছে। বেলা দুইটা পর্যন্ত অনেক সড়কেই পানি জমে ছিল।

অসময়ে হওয়া বৃষ্টির পানিতে অনেক এলাকার বাসা-বাড়ির নিচতলা পর্যন্ত ডুবে যায়। এর সঙ্গে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। স্কুল-কলেজে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম।

বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে হঠাৎই ভোররাত থেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বুধবার সকাল নয়টা পর্যন্ত ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ২১ আগস্ট ১২ ঘণ্টায় ২৫৫ দশমিক শূন্য ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, যা গত ৪৯ বছরের রেকর্ড অতিক্রম করছিল। সর্বশেষ ১৯৬৭ সালের ১০ নভেম্বর ২৪ ঘণ্টা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ২৫৮ মিলিমিটার। সরেজমিনে দেখা গেছে, নগরের মধ্যাঞ্চল বিশেষ করে সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, কালীবাড়ি রোড, বিএম স্কুল রোড, বগুড়া রোড, বটতলা, নবগ্রাম রোড, ভাটিখানা এলাকায় বৃষ্টির পানি ফুটপাথ অতিক্রম করেছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। ভোররাতে বৃষ্টি শুরু হওয়ায় অনেকেই ছিলেন ঘুমে। বরিশাল নগর সৌন্দর্য রক্ষা আন্দোলনের সদস্যসচিব কাজী এনায়েত হোসেন বলেন, ‘এখন একটু বৃষ্টি হলেই পুরো নগর পানিতে ডুবে যায়। দ্রুত বৃষ্টির পানি সরে যাওয়ার জন্য পর্যাপ্ত নালার ব্যবস্থা না থাকায় নগরে জলাবদ্ধতা দেখা দেয়। বারবার নগর ডুবে গেলেও স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বৃষ্টি হলেই নগরবাসীর দুর্ভোগ বাড়ে।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘আমি নিজে ঘুরে দেখেছি অনেক স্থানে পানি জমে আছে। তবে নালার মধ্যে পলিথিন ও নির্মাণকাজের বালু ফেলার কারণে পানি সরতে পারছে না। তা ছাড়া নালাগুলোতে পর্যাপ্ত পকেট না থাকায় সেগুলো পরিচ্ছন্ন করা যাচ্ছে না। তাই অনেক সময় বৃষ্টির পানি জমে যায়। স্থায়ী সমাধানের জন্য নালাগুলোতে ১০ ফুট পরপর পরিচ্ছন্নতার পকেট রাখতে প্রকৌশল বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত পানি অপসারণের জন্য পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে।’

বরিশাল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বলেন, বজ্রবৃষ্টির কারণে কিছু স্থানে সঞ্চালন লাইনে সমস্যা দেখা দেয়। সে কারণে ভোর পাঁচটার দিকে কিছু এলাকায় বিদ্যুৎসংযোগ বন্ধ রাখা হয়। তবে সকাল ১০টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে।