আবারও জলাবদ্ধতার ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি সরে যাওয়ার আগেই জোয়ারের পানি ঢুকে পড়ে নগরের আগ্রাবাদ, বাকলিয়া ও চকবাজারের কিছু এলাকায়। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার এই সড়কে জলাবদ্ধতার মূল কারণ জোয়ারের পানি। ডুবে যাওয়া সড়কে চলেছে নৌকা। গতকাল বেলা দেড়টায় তোলা ছবি l জুয়েল শীল
বুধবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি সরে যাওয়ার আগেই জোয়ারের পানি ঢুকে পড়ে নগরের আগ্রাবাদ, বাকলিয়া ও চকবাজারের কিছু এলাকায়। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার এই সড়কে জলাবদ্ধতার মূল কারণ জোয়ারের পানি। ডুবে যাওয়া সড়কে চলেছে নৌকা। গতকাল বেলা দেড়টায় তোলা ছবি l জুয়েল শীল

ভুক্তভোগীরা জানান, গতকাল সকাল ১০টার পর থেকে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বেপারিপাড়া, আগ্রাবাদ এক্সেস রোড, বাকলিয়া ও চকবাজারের মোহাম্মদ আলী শাহ লেন এলাকা জোয়ারের পানিতে ডুবতে শুরু করে। সিডিএ আবাসিক এলাকা বিকেল পর্যন্ত পানিতে ডুবে ছিল।

আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে অবস্থিত আগ্রাবাদ বালিকা উচ্চবিদ্যালয়ে গতকাল জোয়ারের পানির কারণে পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আখতার প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টা থেকে তিন শ্রেণির পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জোয়ারের পানির কারণে পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষা শুক্রবার (আজ) নেওয়া হবে। বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময়ও এলাকা থেকে পানি নামেনি বলে তিনি জানান।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত বুধবার বেলা তিনটা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ৬২ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিপাত আগামী দু-এক দিন অব্যাহত থাকতে পারে।

গতকাল দুপুরে সরেজমিনে দেখা যায়, আগ্রাবাদ এক্সেস সড়কে প্রায় হাঁটুপানি জমে আছে। সড়কের নাজুক অবস্থার কারণে অনেকে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। আবদুর রশিদ নামের এক চাকরিজীবী বলেন, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত। রিকশা করে গেলে কখন কী দুর্ঘটনা ঘটে তার ঠিক নেই। তাই হেঁটেই হালিশহরের বড়পুল থেকে আগ্রাবাদে যাচ্ছেন তিনি।

এক্সেস সড়কের মতো আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায়ও একই অবস্থা দেখা যায়। ওই এলাকায় গিয়ে কর কার্যালয়ের সামনে নৌকার দেখা পাওয়া গেল। ওই নৌকায় চারজন ছিলেন। তাঁদের একজন চাকরিজীবী জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, কর্মস্থলে না গিয়ে উপায় নেই। তাই বাধ্য হয়ে নৌকায় উঠেছেন।

আগ্রাবাদের বেপারিপাড়ার বাসিন্দা কল্পনা বেগম বলেন, বাসায় জোয়ারের পানি ঢুকে পড়ায় রান্না করতে পারেননি।

পানি মাড়িয়ে বাড়ি ফিরছে স্কুলশিক্ষার্থীরা। ছবিটি গতকাল দুপুরে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তোলা l প্রথম আলো
পানি মাড়িয়ে বাড়ি ফিরছে স্কুলশিক্ষার্থীরা। ছবিটি গতকাল দুপুরে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা থেকে তোলা l প্রথম আলো

এদিকে গতকাল সকালে বৃষ্টি ও জোয়ারের পানিতে চকবাজারের মোহাম্মদ আলী শাহ লেন ছাড়া কাঁচাবাজার ও কাপাসগোলা, নগরের ডিসি রোড, কে বি আমান আলী সড়ক জোয়ারের পানিতে তলিয়ে যায়। মূলত চাক্তাই খালের দুপাশে চকবাজার ও পশ্চিম বাকলিয়ার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। দুপুরের দিকে এসব এলাকার পানি নামে।

চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার প্রথম আলোকে বলেন, জোয়ারের সময় চাক্তাই খালের পানি নালা-নর্দমা দিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঢুকে যায়। পরে ভাটার সময় পানি নেমে যায়।

জোয়ারের পানিতে এলাকা তলিয়ে যাওয়ায় দুই কন্যাকে বিদ্যালয়ে নিয়ে যেতে পারেননি বলে জানান চকবাজার মোহাম্মদ আলী শাহ লেনের বাসিন্দা আবদুল হামিদ। বেলা তিনটা পর্যন্ত এলাকা থেকে পানি নামেনি তাঁর এলাকায় পানি ছিল বলে তিনি জানান।

এ ছাড়া নগরের চাক্তাই ডাইভারশন খালের পূর্ব পাশে অবস্থিত বাকলিয়া সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণেও জোয়ারের পানি ওঠে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, বিদ্যালয়ে জোয়ারের পানি প্রবেশ করলেও পরীক্ষা ঠিকভাবে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের দোতলায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।