আবারও জামায়াত শিবিরের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের কর্মীরা রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশ বাধা দিতে গেলে কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটান কর্মীরা ছবি: প্রথম আলো
জামায়াত-শিবিরের কর্মীরা রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। পুলিশ বাধা দিতে গেলে কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটান কর্মীরা ছবি: প্রথম আলো

রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে আবারও যানবাহন ভাঙচুর করেছেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা। গতকাল বুধবার নিউ এলিফ্যান্ট রোড ও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যানবাহন ভাঙচুর করেন তাঁরা। বনানী ও তেজগাঁও কলেজের সামনে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে পথচারী ও যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিধানসংবলিত ভোটার তালিকা আইনের খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াত। গত বছরের নভেম্বর থেকে বিক্ষোভ কর্মসূচিতে হঠাৎ রাস্তায় জামায়াত-শিবিরের ২৫-৩০ জন কর্মী ঝটিকা মিছিল শুরু করে যানবাহনের ওপর চড়াও হচ্ছেন। যানবাহনের কাচ ভেঙে, আগুন দিয়ে পালাচ্ছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিউ এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালের কাছে একটি গলি থেকে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা ওই এলাকা ও পার্শ্ববর্তী সায়েন্স ল্যাবরেটরির কাছে পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ির কাচ ভাঙচুর করেন। পুলিশ বাধা দিতে গেলে কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়। পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। সকাল ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, সকাল সাড়ে নয়টার দিকে বনানীর রসুলবাগে মুক্তিযোদ্ধা গলিতে মিছিল বের করেন জামায়াত-শিবিরের ১৫-২০ জন কর্মী। তাঁরা মিছিল নিয়ে মহাখালী যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, ফার্মগেটে তেজগাঁও কলেজের সামনে সকাল পৌনে নয়টার দিকে জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মী মিছিল বের করেন। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।