আবারও জামিন পেলেন সাংসদ মনজুরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংসদ মনজুরুল ইসলাম । ফাইল ছবি
সাংসদ মনজুরুল ইসলাম । ফাইল ছবি

এক শিশুকে গুলি করার ঘটনায় হওয়া মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন আবারও অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। আজ বুধবার গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মনিরুজ্জামান শিকদারের আদালতে স্থায়ী জামিনের আবেদন করেন সাংসদ। আদালত আগামী ৭ মার্চ মামলার ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
সাংসদ মনজুরুলের আইনজীবী সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজকের জামিনসহ সাংসদ এ মামলায় মোট পাঁচবার অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। সর্বশেষ জামিনের মেয়াদ ছিল আজ পর্যন্ত।
গত বছরের ২ অক্টোবর সাংসদ মনজুরুল ইসলামের ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ ওঠে। পরদিন ৩ অক্টোবর রাতে সাংসদকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। এরপর ওই বছরের ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাংসদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ১৫ অক্টোবর তাঁকে গাইবান্ধা ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। ওই দিন দুপুর ১২টায় তাঁকে গাইবান্ধার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে তিনি কারাগার থেকে বের হন।