আবারও টানা চার দিনের অবরোধ
আগামী শনিবার সকাল ছয়টা থেকে আবারও টানা চার দিনের (৮৩ ঘণ্টা) সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। আগামী মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি পালন করবে বিরোধী জোট।
চতুর্থ দফা অবরোধের শেষ দিনে আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত জাতিসংঘ ও স্বাস্থ্য বিভাগের যানবাহন, সংবাদপত্র ও ফায়ার সার্ভিসের গাড়ি অবরোধের আওতামুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, বর্তমান প্রেক্ষাপটে চলমান আন্দোলন অব্যাহত রাখার কোনো বিকল্প নেই বলে মনে করে ১৮ দল। ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিনের উত্সবের বিষয়টি বিবেচনায় রেখে মঙ্গলবার পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘সংসদ নির্বাচনের নাটক বন্ধ করে আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগই শুধু জনগণকে এই আন্দোলন থেকে বিরত রাখতে পারবে। কোনো ধরনের কৌশলে বিভ্রান্ত করা বা শক্তি প্রয়োগ করে জনগণকে আন্দোলন থেকে পিছপা করা যাবে না।’
নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারি জোট নিজেদের মধ্যে ১৫৪টি আসন ভাগাভাগি করে নেওয়ায় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের ভোটের অধিকার হারিয়েছে। যে সংসদ গঠিত হতে যাচ্ছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যই জনগণের নির্বাচিত প্রতিনিধি নন, নেতা-নেত্রীদের মনোনীত। ফলে এই নির্বাচনী প্রহসন বন্ধ না করলে যে সংসদ গঠিত হবে, তা নির্বাচিত সংসদ হবে না, হবে মনোনীত সংসদ।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, যে নির্বাচনের সঙ্গে জনগণ যুক্ত নয়, সে সরকার কতদিন থাকবে তা নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ, শামীমুর রহমান, আসাদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৫ নভেম্বর দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দফায় দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করছে ১৮-দলীয় জোট। চতুর্থ দফায় ডাকা বিরোধী জোটের ৭২ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে কাল শুক্রবার সকাল ছয়টায়।