আবারও ঠিকাদারি পেলেন সেই সিবিএ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি (পিজিসিএল) আবারও বিনা দরপত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সার্ভিসকে রাইজার উত্তোলনের কাজ দিয়েছে। এবারও এই প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন অগ্রণী ব্যাংকের সিবিএ নেতা কামরুল ইসলাম ওরফে লিটন। এর আগে তাঁকে দুই হাজার রাইজার উত্তোলনের কাজ দেওয়া হয়েছিল।
কামরুল ইসলাম অগ্রণী ব্যাংকের সিরাজগঞ্জের উল্লাপাড়া শাখার এমএলএসএস ও সিবিএর সেক্রেটারি। গত বছরের ১৫ জুন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে রাজশাহীতে তড়িঘড়ি করে বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়। কিন্তু রাইজার উত্তোলনের জন্য দরপত্র ছাড়াই ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সার্ভিসকে দুই হাজার রাইজার উত্তোলনের কাজ দেওয়া হয়। কিন্তু আমমোক্তারনামার মাধ্যমে কাজ করছেন কামরুল।
এ ব্যাপারে গত ১৩ সেপ্টেম্বর প্রথম আলোয় ব্যাংকের ‘সিবিএ নেতা গ্যাস কোম্পানির ঠিকাদার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তখন পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী হোসেন বলেছিলেন, কামরুল ইসলাম অন্য কোথাও চাকরি করেন কি না, এটা তাঁর জানার বিষয় নয়।
এরপর গত ১০ নভেম্বর আবার সেই সিবিএ নেতাকে অতিরিক্ত আরও এক হাজার রাইজার উত্তোলনের কাজ দেওয়া হয়। নতুন কাজের চুক্তির প্রক্রিয়া শেষে তিনি কাজের প্রস্তুতি নিচ্ছেন। এ জন্য তিনি ১৩ লাখ ৭৩ হাজার ৭২২ টাকা বিল পাবেন। অথচ দরপত্রের মাধ্যমে আরএম কনস্ট্রাকশনকে তিন হাজার রাইজার উত্তোলনের কাজ দেওয়া হয়েছে ২৮ লাখ ১৪ হাজার টাকায়। বগুড়ায় তারা আড়াই হাজার রাইজার উত্তোলনের কাজ পেয়েছে ১৯ লাখ ৭৪ হাজার টাকায়।
গত বছরের জুনে ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সার্ভিসের লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গেছে। দুই দিন আগে লাইসেন্স নবায়নের জন্য আবেদন জমা দিলেও অনুমোদনের প্রক্রিয়া এখনো শুরুই হয়নি। এ ছাড়া দরপত্রের বিষয়গুলো পরিকল্পনা বিভাগ করে থাকলেও দরপত্র ছাড়া সিবিএ নেতাকে কাজ দেওয়ার প্রক্রিয়াটি করেছে বিক্রয় ও বিপণন বিভাগ।
জানতে চাইলে পিজিসিএলের এমডি আলী হোসেন বলেন, দরপত্রের চেয়ে ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সার্ভিসের দর কম। তাকে কাজ দেওয়ায় কোম্পানি লাভবান হয়েছে।
ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল সার্ভিসের চেয়ে দরপত্রে কাজ পাওয়া প্রতিষ্ঠানের দর কম, তাহলে কীভাবে কোম্পানি লাভবান হলো—জানতে চাইলে তিনি বলেন, ‘না না এটা ঠিক না। তার কাছে হিসাব আছে।’ হিসাব জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে কাগজপত্র না দেখে তিনি বলতে পারছেন না। ওই প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন না করার বিষয়ে তিনি বলেন, কাজ দেওয়ার সময় লাইসেন্সের মেয়াদ না থাকলেও পরে নবায়ন করেছে। তাতে কোনো অসুবিধা নেই।