রাজধানীতে আবারও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে প্রতি ঘণ্টায় ১০ শিশু ভর্তি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, শীতের সময় রোটা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হয়।এদিকে আক্রান্ত শিশুদের অনেকেই তীব্র পানিস্বল্পতা নিয়ে ভর্তি হচ্ছে। এ থেকে বিষেশজ্ঞরা আশঙ্কা করছেন, এ বছর অনেক মানুষ কলেরায় আক্রান্ত হতে পারে।গতকাল রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আইসিডিডিআরবিতে ভর্তি হয়েছে ৩৪১ জন। প্রতি ঘণ্টায় প্রায় ২০ জন করে রোগী ভর্তি হয়েছে। রাত ১২টা পর্যন্ত রোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কর্মরত চিকিৎসকেরা।চিকিৎসকেরা জানান, ভর্তি হওয়া রোগীর অর্ধেকই শিশু। তাদের ২০ শতাংশই গুরুতর ডায়রিয়ায় ভুগছে। গত শনিবার ৪৭৫, শুক্রবার ৪০৫ ও বৃহস্পতিবার ৪১৩ জন হাসপাতালে ভর্তি হয় বলে জানান চিকিৎসকেরা। গতকাল দুপুর দুইটায় যাত্রাবাড়ীর ধলপুর থেকে নয় বছরের রুনাকে হাসপাতালে নিয়ে এসেছেন মা খায়রুননেসা। ততক্ষণে রুনাকে দুই ব্যাগ স্যালাইন দেওয়া হয়। বিকেল সাড়ে চারটার সময় তাকে তৃতীয় ব্যাগ স্যালাইন দেওয়া হচ্ছিল। এ সময় মা খায়রুননেসা প্রথম আলোকে জানান, তাঁর মেয়ে শনিবার রাত থেকে পাতলা পায়খানা ও বমি করছে। বাসায় পানি ফুটিয়ে পান করেন না বলে স্বীকার করেন তিনি।পানি ফুটিয়ে পান করেন না মেরুল বাড্ডার খালেদা আক্তারও। তিন দিন ধরে আইসিডিডিআরবিতে ভর্তি তিনি। কেন ফুটিয়ে পানি পান করেন না জানতে চাইলে তাঁর স্বামী মোখলেস হোসেন জানান, ‘এখন থেকে আর না ফুটিয়ে পানি খাব না ভাই।’ লালবাগ থেকে আসা ১০ মাস বয়সী হাসনাইনের মাও জানান, খাওয়ার পানি ফুটিয়ে পান করেন না তাঁরা।আইসিডিডিআরবি জানায়, রাজধানীর বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, খিলক্ষেত, শাহজাদপুর, শেওড়াপাড়া, যাত্রাবাড়ী থেকে বেশি রোগী আসছে। শিশুদের আক্রান্ত হওয়ার বিষয়ে আইসিডিডিআরবির শর্ট স্টে ইউনিটের প্রধান আজহারুল ইসলাম খান গতকাল প্রথম আলোকে বলেন, অক্টোবরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত ডায়রিয়ায় শিশুরা বেশি আক্রান্ত হয়। কারণ শীতের সময় রোটা ভাইরাসের সংক্রমণের হার বেড়ে যাওয়ায় শিশুরা বেশি ডায়রিয়ায় আক্রান্ত হয়।হঠাৎ ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার বিষয়ে আইসিডিডিআরবির লঙ্গার স্টে ইউনিটের প্রধান শাহাদাত হোসেন বলেন, আবহাওয়ার পরিবর্তনজনিত কারণেই এই সময়ে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। তবে বিদ্যুতের অভাবে অনেক স্থানে পানির সরবরাহ কম। তাই সেসব এলাকার মানুষ বিভিন্ন স্থান থেকে পানি সংগ্রহ করে। তাতে দূষিত পানিও থাকে। তা ছাড়া দুর্গাপূজার কারণে মানুষ প্রচুর পরিমাণে বাইরের খাবার খেয়েছে। এ কারণেও ডায়রিয়া হয়ে থাকতে পারে। শাহাদাত হোসেন বলেন, ‘হাসপাতালে অনেক রোগীই তীব্র পানিস্বল্পতা নিয়ে ভর্তি হচ্ছে। এটা খুব খারাপ লক্ষণ। এ অবস্থায় আমরা আশঙ্কা করছি, মানুষ ব্যাপকভাবে কলেরায় আক্রান্ত হতে পারে।’