আবারও তথ্য সংগ্রহ করবে প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের চরে সরকারের অধিগ্রহণের আওতায় থাকা এলাকাগুলোর তথ্য আবারও সংগ্রহ করবে প্রশাসন। আগামী ৯ জুলাই থেকে এই তথ্য সংগ্রহ শুরু হবে।

ময়মনসিংহ বিভাগ হওয়ার পর বিভাগীয় কার্যালয় ও আধুনিক ময়মনসিংহ নগর গড়ে তোলার জন্য সরকার ব্রহ্মপুত্র নদের চর এলাকার ৫টি গ্রামের ৪ হাজার ৩৩৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়। তখন প্রশাসন এলাকার তথ্য সংগ্রহ করে।

এদিকে চরের বাসিন্দারা অধিগ্রহণ থেকে নিজেদের বসতভিটা রক্ষা করতে আন্দোলনে নামেন। পাশাপাশি চরবাসী জমি অধিগ্রহণের জন্য একটি বিকল্প নকশা দেন প্রশাসনকে।

গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে প্রশাসন ও চরবাসীর মধ্যে এক সভা হয়। সভা চলাকালে শত শত চরবাসী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ভিড় করেন। তখন কিছু সময় ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক বলেন, অধিগ্রহণের ফলে যাঁরা উচ্ছেদ হবেন, তাঁদের উচ্ছেদ হওয়া বসতভিটা থেকে ৫০০ গজের মধ্যে পুনর্বাসন করা হবে। এ ছাড়া অধিগ্রহণ করা জমির দাম আরও বাড়ানোর জন্য সুপারিশ করা হবে। প্রয়োজনে অধিগ্রহণের নকশায় কিছু পরিবর্তন আসতে পারে।