আবারও তীব্র গ্যাস সংকটে নগরবাসী
চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকার বাসিন্দা মাজেদা বেগম। গত দুই দিন সকাল সোয়া ছয়টায় উঠেও চুলায় গ্যাসের দেখা পাননি। সারা দিন গ্যাসের দেখা না পেয়ে ক্ষোভের সঙ্গে তিনি বললেন, ‘এই যন্ত্রণা কবে শেষ হবে, কেউ কি বলতে পারবেন? হোটেল থেকে কিনে তিনবেলা খাওয়া কি সম্ভব?’
জাতীয় গ্রিড থেকে দুই দিন ধরে প্রায় ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আবারও তীব্র গ্যাস-সংকটে পড়েছেন চট্টগ্রাম নগরবাসী। সরবরাহের পাশাপাশি গ্যাসের চাপও কমে গেছে বলে জানিয়েছেন চট্টগ্রামে গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। এসব কারণে নগরের অধিকাংশ এলাকায় ঠিকমতো চুলা জ্বলছে না। অনেক পরিবারকেই রেস্তোরাঁ থেকে কেনা খাবারের ওপর ভরসা করতে হচ্ছে।
কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা জানান, চট্টগ্রামের জন্য দৈনিক কমপক্ষে সাড়ে চার শ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। তবে চট্টগ্রামে দৈনিক গড়ে ২৮০ থেকে ২৯০ মিলিয়নের বেশি গ্যাস পাওয়া যায় না। গত সোমবার থেকে এই সরবরাহ আরও কমেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ২২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে। এর আগে সোমবার ২৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়।
নগরের চকবাজার, লাভ লেইন, নন্দনকানন, আশকারদীঘির পাড়, রহমতগঞ্জ, কাপাসগোলা, মাদারবাড়ী, ষোলশহর, আগ্রাবাদ, মোমিন রোড, সরাইপাড়া, পাহাড়তলী, বাকলিয়া, বহদ্দারহাট, জামালখানসহ অনেক এলাকাতেই সকাল থেকে গ্যাস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। কোথাও কোথায় বিকেলে, আবার অনেক এলাকায় রাতের দিকে গ্যাস পাওয়া যায়। গ্যাস এলেও অনেক জায়গায় চাপ খুব কম থাকে।
গ্যাসের চাপ কম থাকায় বিপাকে পড়তে হচ্ছে গাড়ির চালক-মালিকদেরও। সিএনজি ফিলিং স্টেশনগুলোকেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর গ্যাস পাচ্ছেন তাঁরা।
সিএনজিচালিত অটোরিকশাচালক হালিম মিয়া জানান, গতকাল সাড়ে ছয়টায় লাইনে দাঁড়িয়ে সাড়ে নয়টার দিকে তিনি গ্যাস পেয়েছেন।
যোগাযোগ করা হলে কর্ণফুলী গ্যাসের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) খন্দকার মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘জাতীয় গ্রিড থেকে গ্যাস কম আসছে। আমরা পেট্রোবাংলাকে এ সমস্যার কথা জানিয়েছি। আজ-কালের মধ্যে যদি জাতীয় গ্রিড থেকে গ্যাস সরবরাহ না বাড়ে, তা হলে রাউজান বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেব। তখন গৃহস্থালিতে গ্যাস-সংকট কিছুটা হলেও কমবে।’
কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা জানান, সার কারখানা কাফকোকেও তুলনামূলক গ্যাস কম দেওয়া হচ্ছে। কাফকোর দৈনিক চাহিদা ৬৩ মিলিয়ন ঘনফুট, কিন্তু বর্তমানে দেওয়া হচ্ছে ৩৯ মিলিয়ন ঘনফুট। গ্যাস-সংকটের কারণে রাউজান বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি আগেই বন্ধ রাখা হয়েছে। চালু ইউনিটটিতে এখন দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে। গ্যাস না থাকায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল), শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটও বন্ধ আছে।