আবারও দই খেয়ে ছাত্রীসহ ৬৩ জন হাসপাতালে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পূর্ব ভেড়ামারা ৩ নম্বর সেতুর কাছে খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার হোস্টেলে গত বুধবার সন্ধ্যায় খাদ্যে বিষক্রিয়ায় ৫৪ ছাত্রীসহ ৬৩ জন অসুস্থ হয়েছেন। তাঁদের ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে গত শনিবার ভেড়ামারা উপজেলার ফারাকপুর গ্রামে একটি বিবাহ অনুষ্ঠানে দই খেয়ে ৩০ জন হাসপাতালে ভর্তি হন।
মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক রাকিব খান বলেন, মাদ্রাসায় প্রায়ই বিভিন্ন দানশীল ব্যক্তি খাবারের জন্য টাকা দেন। বুধবার একজন চিকিৎসক টাকা দেন। সেই টাকায় চাল, ডাল, গরুর মাংস ও দই কেনা হয়। হোস্টেলে মোট শিক্ষার্থী ৫৯ জন। এর মধ্যে ৫৪ জন উপস্থিত ছিল। দুপুরে রান্নার পর ছাত্রীদের পাশাপাশি আশপাশের কয়েকজন ও নৈশ্যপ্রহরীরা খাবার খান।
সন্ধ্যার পর কয়েকজনের পেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে বমি হয়। এরপর একে একে সবাই পাতলা পায়খানা করতে থাকেন। অবস্থা খারাপ দেখে সবাইকে দ্রুত ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক আমিরুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণে দইয়ে কোনো বিষক্রিয়া হয়েছিল। তবে এখন তাঁরা আশঙ্কামুক্ত। দইয়ের নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল সকালে সেগুলো মহাখালীতে পরীক্ষার জন্য পাঠানো হবে।