
আবারও পেট্রলবোমার আগুনে দগ্ধ হলেন নিরীহ তিনজন সাধারণ মানুষ। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটায় রাজধানীর পরীবাগে গুলিস্তানগামী মিনিবাসের চালক ও দুই যাত্রীর শরীর ঝলসে গেল। দগ্ধ ব্যক্তিরা হলেন চালক বাবুল হাওলাদার (৪০) ও দুই যাত্রী ইনস্যুরেন্স কর্মকর্তা শাহিনা আক্তার (৪৫) ও ফল ব্যবসায়ী ফরিদ মিয়া (৫০)।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছেন দগ্ধ তিনজন। আগুনে বাঁ হাত-পা ও কোমর পুড়ে গেছে চালক বাবুলের। কাঁধ থেকে শরীরের প্রায় পুরো অংশ পুড়ে গেছে শাহিনার। পুড়ে গেছে মাথার চুলও। মাঝে মাঝে চোখ বুজছেন, আবার যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন। অপরদিকে মুখ ও শরীরের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে ফরিদের। তাঁর মুখে দেওয়া হয়েছে অক্সিজেনের মাস্ক।
চিকিৎসকেরা জানালেন, শাহিনা ও ফরিদের অবস্থা আশঙ্কাজনক। শাহিনার শরীরের ৬৪ ভাগ ও ফরিদের ৪৮ ভাগ পুড়ে গেছে। বাবুলের পুড়েছে আট ভাগ। শাহিনা ও ফরিদকে রাখা হয়েছে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)।
গতকাল ছিল বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ষষ্ঠ দফা অবরোধের তৃতীয় দিন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে আবদুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে একটি মিনিবাস গুলিস্তানের দিকে যাচ্ছিল। পরীবাগের ফুট ওভার ব্রিজের কিছুটা সামনে গেলে সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা দুই যুবক মিনিবাসটি লক্ষ করে একটি পেট্রলবোমা ছুড়ে মারেন। বোমাটি মিনিবাসটির বাঁ পাশের জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে যাত্রী শাহীনা, ফরিদ ও চালক বাবুল গুরুতর দগ্ধ হন।
বার্ন ইউনিটে চিকিৎসাধীন চালক বাবুল ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, ‘গাড়িতে তখন ১৭-১৮ জন যাত্রী ছিল। আমি স্পিডে গাড়ি চালাইয়া গুলিস্তানের দিকে যাইতেছিলাম। কিন্তু হঠাৎ দেখি, ২২-২৩ বছরের দুইডা পোলা কী জানি একটা ছুইড়া মাইরা দৌড় দিল। আগুন ধরার লগে লগে আমি ডান পাশের জানালা দিয়া লাফাইয়া পড়ি। আগুন লাগায় কাপড়চোপড় খুইলা ভয়ে দৌড়াইয়া রাস্তার ওপারে গিয়া পুলিশরে জানাই। পুলিশ কয়েকডা গুলি ফাডাইল। আমার গায়ে পানি ঢালল। আবার ছুইটা আইসা দেখি, আমার গাড়ি আর দুইজনের গায়ে আগুন জ্বলতাছে। পুলিশ ওই দুইজনের গায়ে পানি ঢালতাছে।’
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ঘটনার পরপরই মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যান ওই দুই যুবক। পুলিশ দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। আগুনে মিনিবাসের সামনের বেশ কিছু অংশ পুড়ে গেছে। মিনিবাসটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

দগ্ধ শাহিনার চাচাতো বোন শাহিদা ইসলাম সাংবাদিকদের জানান, খুলনা সদরের টুটপাড়ায় স্বামী ফখরুজ্জামানের সঙ্গে থাকেন শাহিনা। একটি ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরির কারণে মাঝে মাঝে ঢাকায় এসে তিনি তাঁর (শাহিদা) নাখালপাড়াসংলগ্ন এয়ারফোর্স অফিসার্স কোয়ার্টারে থাকেন। গত শুক্রবার তিনি ঢাকায় এসে কাজ শেষ করার পর গতকাল সকালে ওই মিনিবাসে গুলিস্তান যাচ্ছিলেন।
দগ্ধ ফরিদের মেয়ে সালমা বেগম বলেন, তাঁর বাবা ফরিদ পরিবার নিয়ে উত্তর মানিকদীর বালুঘাট এলাকায় থাকেন। সেখানেই ফলের ব্যবসা করেন। গতকাল সকালে গুলিস্তান হয়ে বাদামতলীতে ফল কিনতে যাচ্ছিলেন তিনি।
আইসিউইউয়ের প্রধান শাহ আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শাহিনা ও ফরিদের অবস্থা খুব একটা ভালো নয়। বোমার আগুন তাঁদের শ্বাসনালিও স্পর্শ করেছে। প্রয়োজনীয় চিকিৎসাসেবা চলছে।
দগ্ধ মুখ বেয়ে চোখের জল: শরীরের যন্ত্রণা আর পারিবারিক অসহায়ত্বের কথা সাংবাদিকদের কাছে তুলে ধরে অঝোরে কাঁদছিলেন লোকমান।
গত বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈরে সফিপুরে পেট্রলবোমায় দগ্ধ হন কাঁচামাল ব্যবসায়ী লোকমান। সঙ্গে দগ্ধ হন আরেক কাঁচামাল ব্যবসায়ী মো. আলমগীর ও ট্রাকচালক মো. মোকসেদ। আশঙ্কামুক্ত মোকসেদকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও ওই দুজন এখনো চিকিৎসাধীন। বুধবার রাতে আলমগীর ও লোকমান প্রায় ৩০ হাজার টাকার কাঁচামাল নিয়ে মানিকগঞ্জ থেকে গাজীপুরে ফিরছিলেন।