হলমার্ক ঋণ কেলেঙ্কারির জন্য সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়ী করেছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির কাছে তাঁরা জানিয়েছেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পর্ষদকে না জানিয়ে নিজেদের মধ্যে যোগসাজশ করে দুই হাজার ৬৬৮ কোটি টাকা সরিয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তও পর্ষদের সদস্যদের বক্তব্য সমর্থন করে বক্তব্য দিয়েছেন। সংসদ ভবনে গতকাল বেলা সোয়া তিনটার দিকে হলমার্কের ঋণ কেলেঙ্কারির ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক তদন্ত দলের প্রধান তাজুল ইসলাম, সদস্য এ কে এম মাইদুল ইসলাম, এম এ মান্নান ও গোলাম দস্তগীর গাজী উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের মেয়াদ উত্তীর্ণ হওয়া পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সাইমুম সরওয়ার, আনোয়ার শহীদ, কে এম জামান, জান্নাত আরা, সত্যেন্দ্র চন্দ্র ভক্ত, সুভাষ সিংহ রায় ও কাশেম হুমায়ুন। এ ছাড়া ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলাম, পরিচালক এ এস এম নাঈম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রদীপ কুমার দত্ত। বৈঠক শেষে উপকমিটির আহ্বায়ক তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ব্যাংকের নীতিনির্ধারক হিসেবে পরিচালনা পর্ষদ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না, তা খতিয়ে দেখা হবে। কমিটির সদস্য এম এ মান্নান বলেন, পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দায়ী করলেও টাকা লুটের দায় তাঁরা এড়াতে পারেন না।বৈঠক শেষে পরিচালনা পর্ষদের সাবেক সদস্য কাশেম হুমায়ুন বলেন, পর্ষদ ঘটনাটি সম্পর্কে জানার পর জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে। কয়েকজনকে বরখাস্ত করা হয়। ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত বলেন, ‘এটা সত্য, ঋণ অনুমোদনের আগে বিষয়টি বোর্ডের নজরে আনা হয়নি।’